বাংলাদেশের ভেতর দিয়ে বিদ্যুৎ লাইন চায় ত্রিপুরা
বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে বিকল্প বিদ্যুৎ লাইন চাইছে ত্রিপুরা। বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে ভারতের রাজ্যগুলোর বিদ্যুৎমন্ত্রীদের সম্মেলনে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে এ প্রস্তাব দেন।
আজ শুক্রবার সন্ধ্যায় আগরতলার মহাকরণে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ কথা জানান বিদ্যুৎমন্ত্রী মানিক দে।
তিন দিক থেকে বাংলাদেশবেষ্টিত উত্তর-পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরার বিদ্যুৎ লাইন বর্তমানে ৬৫০ কিলোমিটার দূরে আসামের বিশ্বনাথ চারিয়ালি দিয়ে পূর্ব ভারতীয় গ্রিডের সঙ্গে যুক্ত। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প লাইন হলে মাত্র ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের পূর্ব ভারতীয় গ্রিডে।
এ প্রসঙ্গে মানিক দে বলেন, ‘দুর্গম পাহাড়ি পথের বদলে বাংলাদেশের ভেতর দিয়ে সমতল দিয়ে অতি সহজেই যুক্ত হওয়া যায় পশ্চিমবঙ্গে পূর্ব ভারতের গ্রিডে। আর এই বিকল্প পথ চালু হলে শুধু ত্রিপুরা নয়, গোটা উত্তর-পূর্ব ভারত উপকৃত হবে।’ তিনি আরও জানান, ইতিমধ্যেই উত্তর–পূর্ব ভারতের বিদ্যুৎমন্ত্রীদের বৈঠকে বিষয়টি সমর্থন আদায় করেছে। কেন্দ্রীয় সরকারও বিষয়টি বিবেচনার জন্য শিগগিরই ত্রিপুরাতে বিশেষজ্ঞ দল পাঠাতে রাজি হয়েছে। বিদ্যুৎমন্ত্রী জানান, ভারত সরকারের মাধ্যমেই বাংলাদেশ সরকারের কাছে তাঁরা বিষয়টি উত্থাপন করতে চান।
এদিন প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী জানান, গোটা দেশেই সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। ত্রিপুরাতেও সরকারি ও বেসরকারি পর্যায়ে চলছে সৌর বিদ্যুৎ ব্যবহারের হরেক কর্মসূচি। শুধু তাই নয়, শিগগিরই ৬ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র খুলবে রাজ্য সরকার।
এক প্রশ্নের জবাবে মানিক দে বলেন, ভারত সরকার কৃষি ক্ষেত্রেও বিদ্যুৎ সাশ্রয়ে কর্মসূচি হাতে নিয়েছে। জলসেচে কম বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন পাম্প সেট ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।