বাংলাদেশের ভেতর বসছে ভারতীয় গরুর হাট
বাংলাদেশের ভেতরে বসছে ভারতীয় গরুর হাট। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাটিলা গ্রামের জলুলী বিজিবি ক্যাম্পের পাশে একটি বাঁশবাগানে এই হাট গড়ে তোলা হয়েছে। এতে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতা রয়েছে বলে স্থানীয় লোকজনের ভাষ্য। বিজিবি বলেছে, এটি গরু রাখার স্থান।স্থানীয় লোকজনের তথ্যমতে, হাটের বিক্রেতা ভারতীয় আর ক্রেতা বাংলাদেশি। ভারতীয়দের এই হাটে আসা-যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট-ভিসার দরকার হয় না। শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য ছয় দিন বসে এই হাট।বাংলাদেশের গরু ব্যবসায়ীদের ভাষ্য, তাঁরা এই হাট থেকে গরু কিনে স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমদাদুল হকের কাছে ৫০০ টাকা জমা দিয়ে শুল্ক রসিদ নেন। এরপর তাঁরা গরুগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। স্থানীয় লোকজনের অভিযোগ, পাসপোর্ট-ভিসা ছাড়া অবাধে ভারতীয় নাগরিকদের প্রবেশ জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।৫ সেপ্টেম্বর ওই হাটে গিয়ে দেখা গেছে, সেখানে গরু কেনাবেচা চলছে। গরু রাখার জন্য বাজারের চারপাশে চালা তৈরি করা হয়েছে। বাজারের মাঝখানে খোলা মাঠে চলছে গরু কেনাবেচা।কয়েকজন ভারতীয় বিক্রেতা বলেন, তাঁরা এখানে গরু বিক্রি করতে এসেছেন। এই হাটে আসতে তাঁদের কোনো কাগজ লাগে না। বিজিবি-বিএসএফের নির্ধারিত পথ দিয়ে তাঁদের আসা-যাওয়া করতে হয়। ওই পথ ব্যবহারের জন্য তাঁদের ভাড়া দিতে হয়। রাতে গরু নিয়ে তাঁরা সীমান্ত পার হন। পরে হাটের পাশের চালায় গরু রেখে তাঁরা অপেক্ষা করেন। সকালে গরুগুলো হাটে বিক্রি করেন।সুভাষ চন্দ্র নামের আরেকজন বিক্রেতা বলেন, এভাবে গরু নিয়ে আসা অবৈধ জেনেই তাঁরা কয়েকটি স্থানে অর্থ দিয়ে থাকেন। এ ছাড়া বিএসএফ ও বিজিবিকে গরুপ্রতি ৫০০ টাকা করে দিতে হয়। আর হাটমালিককে দিতে হয় গরুপ্রতি ৫০ টাকা।গরুর হাটের মূল পরিচালক মহিদুল ইসলাম বলেন, এটা কোনো বাজার নয়, মূলত গরু রাখার একটি স্থান। এখানে ভারত থেকে বিক্রেতারা আসেন না। শুল্ক রসিদ বিতরণ প্রসঙ্গে ইমদাদুল হক বলেন, শুল্ক কর্মকর্তারা সব সময় এখানে আসতে পারেন না। তাই তিনি তাঁদের সহযোগিতা দেন।এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, এই গরুর হাট সম্পর্কে তাঁর জানা নেই। এ ব্যাপারে বিজিবির মহেশপুর উপজেলার জলুলী ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোতালেব হোসেন বলেন, এটাকে বাজার বলা যাবে না। এখানে মূলত গরু রাখা হয়। ভারতীয় গরু আসার পর এখানে রেখে শুল্ক জমা নেওয়া হয়। ভারতীয় নাগরিকেরা পাসপোর্ট-ভিসা ছাড়া এখানে কীভাবে গরু কেনাবেচা করেন—এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই।