বাংলাদেশের ভোটদানে বিরত থাকা দুঃখজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়ার বিরোধিতা করে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে বাংলাদেশের যুক্ত না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। গতকাল সোমবার বিকেলে ঢাকায় আমেরিকান ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সফর শেষে মজীনার ঢাকায় ফেরা উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সাধারণ পরিষদে গত শুক্রবার ওই প্রস্তাবের ওপর ভোটদানে বিরত থাকায় গত রোববার বাংলাদেশকে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার নিকোলায়েভ ধন্যবাদ জানানোর পরদিন মজীনা এ মন্তব্য করলেন। এর মধ্যে দিয়ে ক্রিমিয়া বিষয়ে সাধারণ পরিষদের ওই ভোটাভুটিতে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রকাশ্যে নিজেদের দেশের সন্তুষ্টি ও হতাশা জানালেন দুই রাষ্ট্রদূত।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘের ওই প্রস্তাবে এটা স্পষ্ট, আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়াকে মেনে নেয়নি। গুরুত্বপূর্ণ এ বিষয়টিতে সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে বাংলাদেশ যুক্ত হতে না পারাটা দুঃখজনক।
দ্বিপক্ষীয় সম্পর্ক: নির্বাচন ও রাজনীতি নিয়ে ওয়াশিংটনের আগের অবস্থানের পরিবর্তন হয়নি উল্লেখ করেন ড্যান মজীনা। তবে ৫ জানুয়ারির নির্বাচনের পর বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুণগত কোনো পরিবর্তন হয়েছে কি না, বারবার এ প্রশ্ন করা হলেও তা তিনি এড়িয়ে গেছেন। কেবল বলেছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে তাঁর দেশ ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। এরই ধারাবাহিকতায় আগামী মাসগুলোতে দুই দেশের মধ্যে টিকফা (বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি) কাউন্সিল, অংশীদারিত্ব সংলাপ, নিরাপত্তা সংলাপ ও সামরিক সংলাপ অনুষ্ঠিত হবে।
চলমান উপজেলা নির্বাচনের ভোটের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত জানান, তিনি গাজীপুরে উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাঁর দপ্তর উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছে। নির্বাচন পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।
তিন সপ্তাহের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে মার্কিন কংগ্রেস সদস্য, কংগ্রেস এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সঙ্গে তাঁর বৈঠকের উল্লেখ করেন ড্যান মজীনা। তিনি বলেন, ‘বিভিন্ন বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অবাধ বাজার সুবিধার (জিএসপি) প্রসঙ্গ এসেছে। বাংলাদেশের জিএসপি পুনর্বহাল হোক, এটি আমার প্রত্যাশা। যুক্তরাষ্ট্রে জিএসপি পুনর্বহালে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে পরিস্থিতির উন্নয়নে আরও পদক্ষেপ নেওয়ার আছে।’
মজীনা বলেন, ‘বাংলাদেশ জিএসপি ফিরে পাবেই—এ গ্যারান্টি আমি দিতে পারি না। তবে বাংলাদেশকে সহযোগিতা করতে চাই বলেই আমার প্রত্যাশা, বাংলাদেশ এ সুবিধা ফিরে পাক, যাতে এখানকার পোশাক বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড হতে পারে।’