বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমি অনেক দেশ ঘুরেছি। কিন্তু বাংলাদেশের মতো এত ভালো, কর্মঠ ও সৃজনশীল মানুষ কোথাও দেখিনি। নিজেদের প্রচেষ্টায়ই বাংলাদেশ স্বনির্ভরতা ও সহস্রাব্দ লক্ষ্য অর্জন করতে যাচ্ছে।’
বরগুনায় জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মজীনা এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশকে এগিয়ে নিতে মার্কিন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর বিশ্বাস, বাংলাদেশ অচিরেই এশিয়ার একটি অন্যতম উন্নত দেশে পরিণত হবে।
মতবিনিময় সভায় বরগুনার জেলা প্রশাসক আবদুল ওহাব ভূঞা জেলার ভৌগোলিক ও সামাজিক অবস্থান সম্পর্কে ধারণা দেন। অনুষ্ঠানে বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহামঞ্চদ আলীসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।