স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশের মাটিতে আর সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধ্বংসাত্মক কাজ হতে দেওয়া হবে না। সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে। চট্টগ্রামে ১৮ জানুয়ারি উদ্ধার হওয়া অস্ত্র-গুলি প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিদের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী উল্লেখ করে বলেন, অস্ত্র ও পেশিশক্তির মাধ্যমে তারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে আছে। সন্ত্রাসীরা নাশকতামূলক কার্যকলাপের জন্য সেখানে অস্ত্র ও গুলি মজুদ করেছিল। তিনি বলেন, যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি চলছে এবং বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে, তখন এ ধরনের অস্ত্র মজুদের সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা দেশবাসীর কাছে স্পষ্ট।সাহারা খাতুন বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলা রায় কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত হওয়াকে আমরা মেনে নিতে পারি না। আমরা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে চাই। জামায়াতে যোগ দিয়ে বেহেশতের চাবি পাওয়ার রাজনীতির দিন শেষ হয়ে গেছে। ২৯ ডিসেম্বরের নির্বাচনে দেশবাসী তা প্রমাণ করেছে।’ তিনি বলেন, ডবলমুরিং থানার হক ভিলায় পুলিশ অভিযান চালিয়ে যে বইপুস্তক আটক করেছে, সেগুলো দেখলেও যে কেউ বলবে, আটক হওয়া ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির পর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন ওয়ারেসাত হোসেন ও আসমা জেরিন। এরপর ডেপুটি স্পিকার শওকত আলী সংসদের অধিবেশন আগামী সোমবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করেন।