বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের কোনো স্থান নেই। ১৯৭১ সালে অর্জিত বিজয় ছিল আংশিক। সামনে যে আর্দশের যুদ্ধ অপেক্ষা করছে, সেই যুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় আসবেই। তরুণেরাই বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করবে।জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক সব রাজনৈতিক দল নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত নাগরিক সংহতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রাম গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের স্থান নেই। একাত্তরের মতো এখন আবার দেশের তরুণেরা জেগেছে। সামনে যে আদর্শের যুদ্ধ হবে, তাতে বিজয়ী হয়ে তরুণেরাই স্বাধীনতাকে সুসংহত করবে।’সমাবেশে সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, ‘৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করতে হচ্ছে, এটাই দুঃখের বিষয়। পৃথিবীর ইতিহাসে এত বড় হত্যাযজ্ঞ হয়নি। যাঁরা বলেন বিচার স্বচ্ছ হতে হবে, তাঁদের ধিক্কার জানাই। আসামিপক্ষের আইনজীবীরা আনিসুজ্জামানকে নয় দিন জেরা করেছেন। এর চেয়ে স্বচ্ছ বিচার আর কী হতে পারে?’কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘মুক্তিযুদ্ধে এ দেশের কিছু মানুষ বিরুদ্ধতা করেছিল। তারা তালিকা তৈরি করে বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের হত্যা করেছে। স্বাধীন দেশে তারা পতাকা উড়িয়ে শহীদ মিনারে গেছে। কিন্তু তারা দোষ স্বীকার করেনি। এখন অনেক মহল বিচার বানচালের চেষ্টা করছে। যুদ্ধাপরাধের বিচার করে যদি আমরা ইতিহাসের দায় মেটাতে না পারি, তাহলে জাতি ধারাবাহিক অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে না।’সংগঠনের আহ্বায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, নারীনেত্রী নূরজাহান খান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, আইনজীবী মনতোষ বড়ুয়া, নাট্যজন প্রদীপ দেওয়ানজি ও মোস্তফা কামাল, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাংবাদিক হাসান ফেরদৌস, ওয়ার্ড কাউন্সিলর রেহানা কবির, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও মিলি চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আশীষ সেন, আমরা করব জয়ের প্রধান নির্বাহী শওকত বাঙ্গালী, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক নূর নবী দুলাল প্রমুখ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক শ্যামল ধর ও সদস্য রুবেল দাশের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করেন সিপিবির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি, পেশাজীবী সমন্বয় পরিষদ, যুব ইউনিয়ন, যুব মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রণ্ট, ছাত্র মৈত্রী, খেলাঘর চট্টগ্রাম মহানগর, উদীচী, আমরা করব জয়, প্রমা আবৃত্তি সংগঠন, বোধন, পরিবেশ ছাত্র ফোরাম ও চট্টগ্রাম অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম।