বাংলাদেশের মানুষ অন্যায় মানবে না: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মাটি ও মানুষ কখনো কোনো অন্যায় মেনে নেয়নি, মেনে নেবেও না। তবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধের মতোই জাতীয় ঐক্য দরকার।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আজ মঙ্গলবার আয়োজিত সংবিধান বক্তৃতামালায় ড. কামাল এ কথা বলেন। বাঙলার পাঠশালা নামের একটি সংগঠন এই সংবিধান বক্তৃতামালা ও আলোচনা সভার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ড. কামাল বলেন, ‘সেই পঞ্চাশের দশক থেকে ’৭১ পর্যন্ত আমাদের মধ্যে অসাধারণ ঐক্য গড়ে উঠেছিল। সেই ঐক্যের কারণেই দেশ স্বাধীন হয়েছিল। সেই ঐক্যের কারণেই ’৭২-এর সংবিধান করতে আমাদের কোনো সমস্যা হয়নি। সেই ঐক্য আবার ফিরিয়ে আনতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ড. কামাল বলেন, ‘আমাদের সংবিধানে শোষণমুক্ত সমাজ, অর্থনৈতিক মুক্তি—এই কথাগুলো ছিল। সে সময়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে থেকেই আমরা এই কথাগুলো পেয়েছিলাম। আজকে তোমরাও নিশ্চয়ই সেভাবেই ভাবো। আমরা পরাধীন দেশে জন্মেছিলাম, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম। তোমরা স্বাধীন দেশে জন্মেছ। তোমাদের অনেক কিছু করার আছে।’
গণফোরামের সভাপতি বলেন, ‘বাংলাদেশের মাটি মানুষ কোনো দিন অন্যায় মেনে নেয়নি। এই যে আদালত তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দিল সেটিও জনগণের বিজয়।’
অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটা আমাদের জন্য স্মৃতিচারণার। কারণ দেশ স্বাধীনের পরেই আমরা সবাই এর সঙ্গে জড়িত ছিলাম।’
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আমীর-উল ইসলাম বলেন, ‘আমরা অনেক সময়ই ঘটনার প্রেক্ষিত না বুঝেই তর্ক করি। অনেকেই প্রশ্ন করেন ১৯৭০ সালে আমাদের নির্বাচিত করা হয়েছিল। দেশ স্বাধীনের পর তারাই কী করে সংবিধান প্রণয়ন করেন—এটা অযথা বিতর্ক। আমরা ’৭০-এর নির্বাচনের পরই একটি খসড়া সংবিধান তৈরির কাজ শুরু করছিলাম এবং জনগণ আমাদের সেই অধিকার দিয়েছিল।’
আমীর-উল ইসলাম বলেন, ‘দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশে ফিরে বলেছিলেন কবিগুরুর কথা মিথ্যা হয়েছে। সাড়ে সাত কোটি বাঙালি মানুষ হয়েছে। কিন্তু আসলে তা হয়নি। একটি মুক্তিযুদ্ধ করলেই সবাই মানুষ হয়ে যায় না। সে কারণেই আমি তখন বঙ্গবন্ধুকে বলেছিলাম, এই যে লাখ খানেক মুক্তিযোদ্ধা তাদের ক্যাম্পে রেখে প্রশিক্ষণ দিন। লেখাপড়া শিখান। এরাই একদিন প্রশাসন চালাবে। কিন্তু আমরা তখন সেই কাজটি করতে পারিনি। এখনো আমরা মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করতে পারিনি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘জনগণের ইচ্ছার প্রতিফলন সংবিধান। কিন্তু জনগণের ইচ্ছের প্রতিফলন কি আসলেই হয়? আমরা যেসব জনপ্রতিনিধি নির্বাচিত করি তাঁরা কি আমাদের কথা বলেন?’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জানতেন খন্দকার মোশতাক কেমন। তার পরও তাঁকে তিনি রেখেছিলেন। আজকেও শেখ হাসিনা একইভাবে শামীম ওসমানকে রাখছেন।’
সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমীর বলেন, ‘সামরিক শাসন কখনো আইন হতে পারে না। সংবিধানের ওপরও কোনো আইন হতে পারে না।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহেদ ইকবাল। তিনি বলেন, ‘১৯৭২ সালের সংবিধান ছিল সবচেয়ে প্রগতিশীল সংবিধান। মানবাধিকার, গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা—সব সেখানে ছিল। কিন্তু আমরা একের পর এক সংশোধনীর মাধ্যমে সেখান থেকে সরে এসেছি।’