বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, মধ্যম আয়ের দেশ হিসেবে ‘সোনার বাংলাদেশ’ এমনিতেই গড়ে উঠবে না। জীবন-মানের উন্নয়ন সাধন করে বাংলাদেশের মানুষই এ পরিবর্তন সম্ভব করে তুলতে পারবে। বাংলাদেশের এ ইতিবাচক পরিবর্তনের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক সভায় এসব কথা বলেন রাষ্ট্রদূত মজীনা। নিউইয়র্ক থেকে সম্প্রচারিতব্য ২৪ ঘণ্টার বাংলা টেলিভিশন ‘টাইম টিভি’ মিলনায়তনে গত রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে রানা প্লাজা দুর্ঘটনার কথা স্মরণ করে ড্যান মজীনা বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো শিল্পপণ্যের মান উন্নয়নের জন্য বিশ্বসম্প্রদায় আর কখনো ঐক্যবদ্ধ হয়নি। বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে পুরো পশ্চিমা বিশ্ব আজ ঐক্যবদ্ধ। অচিরেই ‘বাংলাদেশ ব্র্যান্ড’ সারা বিশ্বে খ্যাতি লাভ করবে।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা রোববার বিকেলে হেঁটে নিউইয়র্কের বাংলাদেশিবহুল জ্যাকসন হাইটস এলাকা ঘুরে দেখেন। তিনি খোঁজখবর নেন। প্রথমবারের মতো কোনো রাষ্ট্রদূতকে এভাবে হেঁটে হেঁটে বাংলাদেশিদের খোঁজ নেওয়ায় প্রবাসীদের অভিভূত হতে দেখা যায়।
সন্ধ্যায় নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামের একটি সংগঠনে বক্তব্য দিয়ে তিন দিনের নিউইয়র্ক সফরের সমাপ্তি টানেন রাষ্ট্রদূত মজীনা।
তিন দিনের সফরে ড্যান মজীনা নিউইয়র্কে বাংলাদেশিদের নিয়ে বেশ কটি সভায় যোগ দেন। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি বলেন, ‘আমি গ্রামে-গঞ্জে ঘুরে দেখেছি, বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক।’
আমেরিকান-বাংলাদেশ পাবলিক অ্যাফেয়ার্স কমিটির এক সভায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, বাংলাদেশকে একসময় যারা সাইক্লোন আর মহামারির দেশ হিসেবে মনে করত, তাদের ধারণা ভুল। বাংলাদেশ একটি অমিত সম্ভাবনার দেশ।