বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি ভারতের শ্রদ্ধা রয়েছে। বাংলাদেশের মানুষ সহিংসতামুক্ত পরিবেশে আলোচনার মাধ্যমে নিজেদের মতপার্থক্য দূর করতে পারবে বলে মনে করে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন গতকাল শুক্রবার দিল্লিতে সংবাদ ব্রিফিংয়ে এ অবস্থানের কথা জানান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বৃহস্পতিবার এক বিবৃতিতে একগুঁয়েমি প্রত্যাহার করে শান্তি ও সমঝোতার পথে এগোনোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতি, দাবি ও মনোভাবের প্রতি সম্মান দেখাতে ভারতের প্রতি আহ্বান জানান।
খালেদা জিয়ার এ বিবৃতির ব্যাপারে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ, একে অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করা ও একে অন্যের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা—এসব মূল নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।’
মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা ব্যাপকভিত্তিক এবং তা সবাইকে নিয়েই। ভারত সব সময় বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করে এবং আগামীতেও করবে। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাদের প্রজ্ঞা ও অর্জনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারব্যবস্থা ও আইন অনুযায়ী হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বাংলাদেশ সফরের পর চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে যান। সেখানে মার্কিন কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাঁর কথাবার্তা হয়েছে বলে মুখপাত্র স্বীকার করেন। তিনি বলেন, এমন আলোচনা এর আগেও হয়েছে এবং তা অস্বাভাবিক কিছু নয়।
সীমান্তে নজরদারি জোরদার: আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানান, বাংলাদেশের পরিস্থিতি প্রতিনিয়ত উত্তপ্ত হয়ে উঠছে—এ ভাবনা থেকে কাদের মোল্লার ফাঁসি হওয়ার আগেই দীর্ঘ এ সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতে ভারত বিশেষ নজরদারি শুরু করেছে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতিরিক্ত মহাপরিচালক জেনারেল বি ডি শর্মা সম্প্রতি প্রথম আলোকে জানিয়েছিলেন, সীমান্তে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার রক্ষী মোতায়েন করা হচ্ছে।
সরকারি সূত্র জানায়, কাদের মোল্লার ফাঁসির খবর প্রচারের পর দিল্লি সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাদেরও নিরাপত্তা বিষয়ে সজাগ করে দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আলোকে বলেন, রাজ্যের কোনো কোনো স্থানে কিছু মানুষ অশান্তি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে দমনে সংগঠন ও প্রশাসনকে বলে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রের চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী এসব বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকে লিখিত নির্দেশও দিয়েছেন।