বাংলাদেশের মুগডাল রপ্তানি হচ্ছে জাপানে
বাংলাদেশের মুগডাল এখন জাপানে রপ্তানি করা হচ্ছে। এ বছর পটুয়াখালী থেকে ৭০০ মেট্রিক টন মুগডাল রপ্তানি করা হবে। কম খরচে চাষাবাদ করে লাভবান হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা মুগডাল চাষে আগ্রহী হচ্ছেন।
জাপান-বাংলাদেশ সোশ্যাল বিজনেসের আওতায় একটি প্রতিষ্ঠান দুই বছর ধরে পরীক্ষামূলকভাবে মুগডাল রপ্তানি করছে। প্রতিষ্ঠানটির নাম ‘গ্রামীণ ইউকিগুনি মাইটাকি কোম্পানি লিমিটেড’। সংস্থাটি প্রথমে কৃষক ও প্রতিনিধিদের কাছ থেকে মুগডাল সংগ্রহ করে। তারপর সেটা প্রক্রিয়াজাত করে জাপানে পাঠায়। ডাল থেকে অঙ্কুর বের হওয়া পর সেটা সবজি হিসেবে বাজারজাত করা হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মাহবুব রব্বানী এ প্রসঙ্গে বলেন, জাপানে ডালজাতীয় ফসলের অঙ্কুরের ব্যাপক চাহিদা আছে। মুগডালের অঙ্কুর সবজি হিসেবে স্যুপে ব্যবহার করা হয়। এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী।
রপ্তানিকারক প্রতিষ্ঠানটির সমন্বয়কারী মো. ইকবাল মজুমদার বলেন, সীমিত আকারে মুগডাল রপ্তানির জন্য ২০১২ সালে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে তাদের একটি চুক্তি হয়। ২০১৩ সালে ১০৪ মেট্রিক টন ও ২০১৪ সালে ১০৭ মেট্রিক টন মুগডাল জাপানে রপ্তানি করা হয়েছিল। ডাল কেনার জন্য প্রতিষ্ঠানটি প্রথমে জেলার দশমিনা উপজেলাকে বেছে নেয়। এ বছর প্রতিষ্ঠানটি পটুয়াখালী, দশমিনা ও বাউফল থেকেও ডাল কেনা হচ্ছে। এ সব এলাকায় তাঁদের চুক্তিভিত্তিক ২ হাজার ২০৩ জন চাষি এবং কয়েকজন প্রতিনিধি আছেন।
ইকবাল বলেন, এ বছর প্রতিষ্ঠানটি ১ হাজার ৬০০ মেট্রিক টন মুগডাল কিনবে। সেখান থেকে বাছাই করে বড় আকারের ৭০০ মেট্রিক টন মুগডাল প্রক্রিয়াজাত করার জন্য ঈশ্বরদীতে পাঠানো হবে। তারপর সেটা জাপানে যাবে। জাপানে ‘মাইটাকি মার্কেটিং করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠান এ মুগডাল বাজারজাত করে। ডাল থেকে অঙ্কুর বের হলে তা প্যাকেটজাত করে বাজারে ছাড়া হয়।
দশমিনার বাঁশবাড়ীয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামের কৃষক নুরুনবী সিকদার জানান, তিনি গ্রামীণ ইউকিগুনি মাইটাকি কোম্পানিতে ডাল বিক্রি করেন। এ বছর বারি মুগ-৬ জাতের বীজ রোপণ করেছেন। এ মুগডাল একটু বড় আকারের। এক একর জমিতে আবাদ করতে খরচ হয়েছে পাঁচ হাজার টাকার মতো। ফলন হবে অন্তত ১০ মণ। এ বছর প্রতি মণ মুগডাল ২০০০ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে আবাদের খরচ বাদ দিয়ে তাঁর ১৭ হাজার টাকার বেশি আয় হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে জানা যায়, এ মৌসুমে জেলায় ৬৬ হাজার ৪৩০ হেক্টর জমিতে মুগডালের চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ৪ হাজার ১৫০ হেক্টর বেশি। অধিদপ্তরের উপপরিচালক অশোক কুমার শর্মা বলেন, অন্য ফসলের চেয়ে মুগডাল চাষ সহজ। খরচও কম। মুগের আবাদ করে কৃষকেরা লাভবান হচ্ছেন, বিদেশের রপ্তানি করতে পারছেন। তাই তাঁদের মুগডাল চাষে আগ্রহও বাড়ছে।