বাংলাদেশের যান ঢুকতে দেবে না ভুটান!
ভুটানমুখী বাংলাদেশি ট্রাক ও বাস তাদের দেশের ভেতরে প্রবেশ না করিয়ে সীমান্তেই রাখতে অনুরোধ করেছে ভুটান সরকার। দেশটি একই অনুরোধ করবে নেপাল সরকারের কাছেও। ভুটানের ইংরেজি দৈনিক কুয়েনসেলে দেশটির তথ্য ও যোগাযোগমন্ত্রীকে উদ্ধৃত করে গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যান চলাচল চুক্তির (বিবিআইএন এমভিএ) আওতায় এই চারটি দেশের মধ্যে সরাসরি যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের কথা রয়েছে। এর চূড়ান্ত রূপরেখা চুক্তিটি গত সোমবার ঢাকায় স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, চুক্তির শর্ত অনুযায়ী বিভিন্ন দেশের ট্রাক ও বাস ভুটানে ঢুকলে নিজস্ব যান চলাচল বিঘ্নিত হতে পারে বলে দেশটির পরিবহন খাতের সঙ্গে জড়িতদের শঙ্কা আছে।
তবে যানবাহন না ঢোকানোর জন্য ভুটান যে অনুরোধ করেছে, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভুটানের এই অনুরোধ যদি বাংলাদেশ ও নেপাল রক্ষা করে, এর অর্থ হবে, ভুটানেরও ট্রাক বা বাস বাংলাদেশ ও নেপালের সীমান্তে এসে থামবে। এখনো এমনটিই চলছে। এখন ভুটানের পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশের বুড়িমারী সীমান্তে এসে থামে। ভুটানের আহ্বান রক্ষিত হলে তাদের দেশের যান আর ঢাকা পর্যন্ত আসবে না।
এখন ভারতের পণ্যবাহী ট্রাক ভুটানের সীমান্তে এসে থামে। এরপর ভুটানের ট্রাকে সেসব পণ্য পরিবহন করা হয়। তবে এর ব্যতিক্রম আছে। ভারী যন্ত্রাংশবাহী ভারতীয় ট্রাক ভুটানে ঢুকতে পারে। ভুটানের ট্রাকের পক্ষে এসব মালামাল পরিবহন সম্ভব নয় বলেই ভারতীয় ট্রাককে দেশে ঢুকতে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।