বাংলাদেশের রক্তে মিশে আছে ফুটবল: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তখন ইস্ট অ্যান্ড-এ খেলি। গোলরক্ষক। দ্বিতীয় বার লক্ষ্য করে ছুটে আসছে মোহামেডানের প্রতাপ হাজরার লক্ষ্যভেদী রংধনু বাঁকা শট। চকিতে হাতের তালু ছুঁয়ে গোলবারের ওপর দিয়ে পার করে দেই সেই অব্যর্থ বল’— ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে এভাবেই খেলোয়াড় জীবনের কথা স্মরণ করলেন হাসানুল হক ইনু।

আজ রোববার রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাব মিলনায়তনে ‘ফুটবলের রাজা’সহ তিনটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইনু বলেন, ‘ফুটবল বাংলাদেশের রক্তে মিশে আছে। বিলাসহীন সহজলভ্য এই খেলা জনসাধারণের খেলা।’
স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ক জাকারিয়া পিন্টুর জীবননির্ভর ‘ফুটবলের রাজা’ চলচ্চিত্রটি বাংলাদেশের ফুটবলকে পুনর্জীবন দিতে বড় ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা করে হাসানুল হক বলেন, ‘জাকারিয়া পিন্টু ইতিহাসের একজন সেরা স্টপার ব্যাক। তিনি ১৯৫৭ সালে ইস্ট অ্যান্ড ক্লাব থেকে ফুটবল জীবন শুরু করে মোহামেডান থেকে অবসর নেন, আমিও তাই। তবে আমি খেলা শুরু করি ১৯৬৮ সালে।’
জাকারিয়া পিন্টু তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, ‘কিশোর বয়সে আমার খেলা দেখে বঙ্গবন্ধু বলেছিলেন, তুই বড় ফুটবলার হবি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু আমার পিতাকে শপথ করিয়েছিলেন যে, তিনি আমাকে ফুটবল খেলতে দেবেন। সেই প্রেরণাই আমাকে এ পর্যায়ে এনেছে।’
অনুষ্ঠানে দর্পণ মুভিজ প্রযোজিত ফুটবলের রাজা, স্বপ্নছোঁয়া মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অনেক ভালোবাসি তোমায়’ এবং প্রান্তী কথাচিত্র প্রযোজিত ‘মনে প্রাণে তুমি’ নামের তিনটি চলচ্চিত্রের শুভ মহরত ঘোষণা করেন তথ্যমন্ত্রী। তরুণ পরিচালক বীর জান চলচ্চিত্র তিনটির উপদেষ্টা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
চলচ্চিত্রকার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া প্রমুখ।