বাংলাদেশের রাজনীতি নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক সংকটে কোনো ধরনের হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ২০১৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।গতকাল বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইইউর শীর্ষস্থানীয় কূটনীতিক হানা এ মন্তব্য করেন। ডিপ্লোমেটিক করেসপন্ডেটস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) রাজধানীর একটি হোটেলে ‘ডিকাব টক’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।সংবিধানের পঞ্চম সংশোধনীর পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মতপার্থক্যের কারণে নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাবেক আইরিশ কূটনীতিক বলেন, ‘এখানকার রাজনীতিতে হস্তক্ষেপ করাটা আমাদের কাজ নয়। তাই পরামর্শ দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টির সুরাহা করবে বাংলাদেশের জনগণ। আমরা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী। আমরা চাই, সবার অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।’তিন পার্বত্য জেলার অবাঙালিরা আদিবাসী না ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী—এ নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে উইলিয়াম হানা বলেন, ‘এটি আমাদের মূল বিবেচ্য নয়। পার্বত্য চট্টগ্রামের শান্তি-প্রক্রিয়ার পূর্ণ বাস্তবায়নেই আমাদের মূল আগ্রহ। পার্বত্য চট্টগ্রামে শান্তি-প্রক্রিয়া বাস্তবায়নে উন্নয়ন কর্মকাণ্ড চালানো জরুরি। তাই বাংলাদেশ সরকারকে আমরা সহায়তা করতে চাই। এরই অংশ হিসেবে তিন পার্বত্য জেলায় অতিরিক্ত দুই কোটি ৪০ লাখ ইউরো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ‘ক্রসফায়ারে’ মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন করা হলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘মানবাধিকার সুরক্ষার বিষয়টি বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাই মানবাধিকার-পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। আর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইন মেনে চলার কোনো বিকল্প নেই।’ডিকাবের সভাপতি রাহীদ এজাজের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মজিদ।