বাংলাদেশের রাজনীতিতে ধর্মের তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতিতে ধর্মের তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে এবং বেশির ভাগ নাগরিকের ধর্মীয় অনুভূতির ব্যাপারে সরকার সংবেদনশীল। গত ১৭ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন ২০১০’-এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ধর্মীয় স্বাধীনতার পক্ষে প্রকাশ্য সমর্থন জানালেও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিরাজ করছে। এ কথা বলার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করা হয়েছে। ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত ১৯৮টি দেশের ওপর তৈরি করা এই প্রতিবেদন প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।প্রতিবেদনে বলা হয়, এই প্রতিবেদন প্রস্তুতকালে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান জানানোর ব্যাপারে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে বাংলাদেশের হাইকোর্টের বেশ কয়েকটি সিদ্ধান্ত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ অবস্থানকে সংহত করেছে। সরকারের উচ্চপর্যায়ে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব রয়েছে। সরকার মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এতে আরও বলা হয়, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং আহমদিয়া সম্প্রদায় এখনো হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। তবে এর সংখ্যা আগের প্রতিবেদনের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।প্রতিবেদনে আদিবাসী সম্প্রদায় এবং হিন্দু ও খ্রিষ্টানদের ওপর নির্যাতনের ঘটনার বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে। স্থানীয় একাধিক বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকের বরাত দিয়ে এসব ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। এ ছাড়া আহমদিয়া সম্প্রদায়ের ওপর এ বছর নির্যাতনের ঘটনা প্রতিবেদনে স্থান পেয়েছে।প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানানোর ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে তৈরি পরিচ্ছেদে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্টের একটি আদেশে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করা হয়। এর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরে আসে এবং ধর্মীয় রাজনৈতিক দলগুলো কার্যত নিষিদ্ধ হয়। তবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হয়নি। এ ছাড়া হাইকোর্ট ফতোয়াকেও বেআইনি ঘোষণা করেছে বলে এতে উল্লেখ করা হয়। তবে ২০০৯ সাল থেকে প্রতিবেদনটি প্রস্তুত করা পর্যন্ত ৩৩টি ফতোয়া জারি করার ঘটনার খবর জানিয়েছে মহিলা পরিষদ নামের নারী অধিকারবিষয়ক সংগঠন।ধর্মীয় স্বাধীনতার ওপর বাধানিষেধের ব্যাপারে এতে বলা হয়েছে, দেশের সংবিধানে সব ধর্মের প্রচার, পালন ও চর্চার ব্যাপারে অধিকার দেওয়া হয়েছে। কোনো মিশনারির কর্মকাণ্ডের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারির খবর পাওয়া যায়নি। ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো আর্থিক জরিমানা চাপিয়ে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় চারজন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী রয়েছেন। প্রতিবেদনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনা উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে গত ১৯ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সংঘর্ষের ঘটনা তুলে ধরা হয়।এদিকে এই প্রতিবেদনের ব্যাপারে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।