বাংলাদেশের রাজনীতিতে সমঝোতার সেরা সুযোগ এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অতুল কেশপ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সমঝোতার সেরা সুযোগটি এসেছে। ‘ছাড় দেওয়া ও সমঝোতার’ মানসিকতা থেকে এ সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার বাংলাদেশের করা উচিত।
গতকাল সোমবার সন্ধ্যায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা এ মন্তব্য করেন। চার দিনের সফরে গত শনিবার তিনি ঢাকায় আসেন। বাংলাদেশে অবস্থানের সময় তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অতুল কেশপ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, সব রাজনৈতিক দলকে একটি অবাধ পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে সব দল শান্তিপূর্ণভাবে ও অবাধে তাদের মতের বহিঃপ্রকাশ ঘটাতে পারে। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতিতে কী করতে হবে, তা নিয়ে নির্দেশ দেওয়াটা যুক্তরাষ্ট্রের কাজ নয়, বাংলাদেশের জনগণই এটি ঠিক করবে।
অতুল কেশপ গতকাল সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের পর মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক পরিস্থিতি তাঁর সামনে তুলে ধরেন নেতারা।
অতুল কেশপ বলেন, গণতান্ত্রিক সব দেশে সব নাগরিকই সমান অধিকার ভোগ করে। বাংলাদেশ তার ব্যতিক্রম হতে পারে না।