বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি চায় সৌদি আরব। তাই বন্ধু হিসেবে বাংলাদেশে আইনশৃঙ্খলা বজায় থাকার পাশাপাশি স্থিতিশীলতা কামনা করেছে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটি। গতকাল শনিবার জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশ নিয়ে এ প্রত্যাশার কথা শুনিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সাল। সৌদি আরব থেকে একাধিক কূটনীতিক সূত্র গতকাল প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়টিও এসেছে। চলমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রাসঙ্গিকভাবেই বিষয়টি আলোচনায় তোলেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি একান্তভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বিচার-প্রক্রিয়ায় যাতে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত হয়, সে বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন সৌদ আল ফয়সাল। দুদিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল ভোরে জেনেভা থেকে জেদ্দায় পৌঁছান। সফরের প্রথম দিনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার পাশাপাশি সৌদি উপপ্রধানমন্ত্রী যুবরাজ সালমান বিন আবদুল আজিজ ও সৌদি শ্রমমন্ত্রী আদেল বিন মোহাম্মদ ফাকেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সৌদি উপপ্রধানমন্ত্রী সালমান বিন আবদুল আজিজ বাংলাদেশের নাগরিকদের আকামা (কাজের অনুমতিপত্র) পরিবর্তনের অনুমতি দেওয়ার ব্যাপারে দীপু মনিকে আশ্বস্ত করেছেন। সৌদি আরবের দুই মন্ত্রীই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের নাগরিকেরা যাতে আকামা পরিবর্তনের সুযোগটি নিতে পারেন, সে ব্যবস্থা করা হবে। জানা গেছে, গতকাল সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে কথা বলেছেন দীপু মনি। এ সময় দীপু মনি জানান, ‘নির্বাচন সামনে রেখে অস্থিরতা ও নৈরাজ্য তৈরির অপচেষ্টা চলছে। কোনো কোনো মহল ধর্মকে অপব্যবহার করে, বিকৃত তথ্য ও ছবি উপস্থাপন করে আমাদের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।’ সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দিয়ে পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হবেন। বৈঠকে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানান দীপু মনি। এ সময় সৌদ আল ফয়সাল তাঁকে আশ্বস্ত করেছেন, সে দেশের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে।