রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা অধ্যবসায় ও সর্বোচ্চ পেশাদারি দৃষ্টিভঙ্গি প্রদর্শনের মাধ্যমে বিশ্বে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁদের অবদান সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর (আইএপিটিসি) ১৬তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) সেনাবাহিনীর সামগ্রিক ব্যবস্থাপনায় চার দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে ৩২টি দেশের ১২০ জন প্রতিনিধি, আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন।প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন। অনুষ্ঠানে সেনাবাহিনী-প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনী-প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ ও বিমানবাহিনী-প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।কানাডার পিয়ারসন পিস কিপিং সেন্টার (পিপিসি) ১৯৯৫ সালে আইএপিটিসি চালু করে। বর্তমানে ১০২টি সংস্থা ও ৩১৯ জন ব্যক্তি আইএপিটিসির সদস্য। বাংলাদেশ ২০০৭ সাল থেকে এ সংস্থার সক্রিয় সদস্য।স্টিফেন ফ্রয়েনের সাক্ষাৎ: রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে গতকাল বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত স্টিফেন ফ্রয়েন বিদায়ী সাক্ষাৎ করেছেন। ফ্রয়েন রাষ্ট্রপতিকে জানান, জলবায়ু ইস্যুতে ইইউ শিগগিরই বাংলাদেশকে অর্থসহায়তা দেবে। ওই সহায়তা ছাড়াও তাঁরা বাংলাদেশকে পৃথকভাবে আর্থিক সহায়তা দেবে।রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। ভোটার আইডি কার্ড ও ভোটার তালিকা তৈরিতে সহযোগিতা দেওয়ার জন্য তিনি ইইউর প্রশংসা করেন। ফ্রয়েন বলেন, বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি তাঁকে আকৃষ্ট ও মুগ্ধ করেছে। তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ূন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইঞা উপস্থিত ছিলেন।