বাংলাদেশের শাসকগোষ্ঠী সাম্প্রদায়িক, জাত্যভিমানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তু লারমা
সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেছেন, দেশের শাসকগোষ্ঠীর দর্শন প্রগতিবিরোধী, সাম্প্রদায়িক, জাত্যভিমানী ও সন্ত্রাসের সপক্ষে। আধুনিক রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য হলো, সেটি তার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীল হবে। কিন্তু এই রাষ্ট্র সেই আধুনিকতা ধারণ করে না।
গতকাল রোববার জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী কালচারাল ফোরাম আয়োজিত ‘বৈচিত্র্যের ঐকতানে আদিবাসী সংস্কৃতি’ বিষয়ে আলোচনা সভায় সন্তু লারমা এসব কথা বলেন।
সন্তু লারমা আরও বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে সরকার প্রতারণা করেছে। এভাবে পার্বত্য চট্টগ্রামের মানুষের সংগ্রামী চেতনাকে ধামাচাপা দিতে চেয়েছে সরকার। তিনি বলেন, ‘অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো সাংস্কৃতিক অধিকারও মানুষের অন্যতম একটি অধিকার। মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার যদি না থাকে, তবে তার বিকাশ রুদ্ধ হতে বাধ্য। এই আত্মনিয়ন্ত্রণের জন্য চাই নিজ ভূমিসহ নিজ সম্পদের ওপর মানুষের নিয়ন্ত্রণ। কিন্তু এ দেশের আদিবাসীরা ভূমির অধিকার হারা, তাই তাদের অস্তিত্বও আজ হুমকির মুখে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংসদ রাশেদ খান মেনন বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে এই সরকারের সুযোগ ছিল যথেষ্ট। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করা যায়নি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের স্বীকৃতি না দিয়ে আত্মপ্রতারণা করা হয়েছে বলে মনে করেন তিনি।
সভায় মূল প্রবন্ধ পড়েন চন্দ্রা ত্রিপুরা। সোহেল হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, তথ্য কমিশনার সাদেকা হালিম, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।
আলোচনা সভা শেষে আদিবাসীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।