বাংলাদেশের শিক্ষা ও নারীর ক্ষমতায়ন পদক্ষেপ প্রশংসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের রাজধানী টোকিওতে গতকাল শুক্রবার শেষ হয়েছে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতির ধারা পর্যালোচনার দুই দিনের মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক বৈঠক। ২০১৫ সালকে লক্ষ্য পূরণ বর্ষ ধরে নিয়ে জাতিসংঘে ২০০০ সালে অনুষ্ঠিত এমডিজির শীর্ষ বৈঠকে বিশ্বের রাষ্ট্রগুলোর জন্য একগুচ্ছ লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিল। সেই লক্ষ্য অর্জনের বছর এগিয়ে আসায় এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ কতটুকু অর্জন করতে পেরেছে এবং লক্ষ্য পূরণে আরও কী করা দরকার, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। গত বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছিল বৈঠকের কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেয়াকি মাৎসুমোতোও ভাষণ দেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ একটি ভিডিও বার্তাও প্রচার করা হয়।জাপানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তাঁদের ভাষণে ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সাম্প্রতিক দুর্যোগ সত্ত্বেও উন্নয়নশীল বিশ্বের দুর্দশা লাঘবে জাপানের অঙ্গীকার অব্যাহত রাখার কথা উল্লেখ করেন তাঁরা। প্রধানমন্ত্রী নাওতো কানের জন্য দিনটি ছিল ব্যস্ততাপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি পার্লামেন্টে উপস্থিত হন তাঁর বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ভোট গ্রহণে অংশ নিতে। তবে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেলেও ক্ষমতাসীন দলের ঐক্য ধরে রাখার জন্য যেসব ছাড় দেওয়ার অঙ্গীকার তাঁকে করতে হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থান তাতে এখন অনেকটা দুর্বল হয়ে পড়বে বলে বিশ্লেষকেরা মনে করছেন।পর্যালোচনা বৈঠকের মূল আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ভাষণের শুরুতেই জাপানের সাম্প্রতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, বন্ধুপ্রতীম দেশ হিসেবে সংকট উত্তরণে জাপানের পাশে বাংলাদেশ থাকবে।নুরুল ইসলাম নাহিদ তাঁর ভাষণে বলেন, ২০২১ সালে দেশের স্বাধীনতা অর্জনের ৫০তম বার্ষিকী সামনে রেখে যে রূপকল্প বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, তার বেশ কিছু লক্ষ্যমাত্রা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ। শিক্ষা খাতে চলতি বছরের মধ্যে প্রাথমিক পর্যায়ে শতকরা ১০০ ভাগ শিক্ষার্থী ভর্তি লক্ষ্য নির্ধারণ করা হয়। এমডিজি অর্জনের সময়সীমা উত্তীর্ণ হওয়ার আগেই ২০১৪ সালের মধ্যে শতকরা ১০০ ভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্য বাংলাদেশ নির্ধারণ করে নিয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে জন্য গত ১ জানুয়ারি ২৩ কোটি ২০ লাখ পাঠ্যবই বিনা মূল্যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বিতরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, চাকরির সুযোগ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাত হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য তিনটি দিক। এসব খাতের অগ্রগতি সার্বিক লক্ষ্য পূরণের প্রক্রিয়াকে অনেকটা সহজ করে দেবে।বৈঠকের অন্য বক্তাদের ভাষণ এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী মূল বক্তব্যের ওপর চলা আলোচনায় বাংলাদেশের দুটি খাতে অগ্রগতি বিশ্বের নজরে আসছে বলে উল্লেখ করা হয়। এগুলো হলো শিক্ষা ও নারীর ক্ষমতায়ন। ওই দুই খাতে অগ্রগতির একই ধারা অন্যান্য খাতেও সঞ্চালিত করা সম্ভব হলে বাংলাদেশের জন্য এমডিজি পূরণ অবাস্তব ধারণায় হয়তো আর সীমিত থাকবে না।