বাংলাদেশের শিক্ষা খাত বহির্বিশ্বে প্রশংসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা বাংলাদেশের জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম মাধ্যম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার শিক্ষাসহ অন্যান্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসোক) বার্ষিক মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভায় জাতীয় ভলান্টারি উপস্থাপনায় এ কথা বলেন। এ বছরের বার্ষিক পর্যালোচনা সভার বিষয়বস্তু হচ্ছে— ‘আন্তর্জাতিকভাবে সম্মত লক্ষ্যসমূহ ও শিক্ষার বিষয়ে অঙ্গীকার বাস্তবায়ন’।ইকোসোকের প্রেসিডেন্ট লাজারোয়াস কাপামবিউর সভাপতিত্বে সভায় বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী, জাতিসংঘ ও ইকোসোকের প্রতিনিধি, প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. আবুল কালাম আবদুল মোমেন, রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মো. আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় সদস্যরাষ্ট্রগুলোকে জানান, বর্তমান সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিসংবলিত সুশাসন কায়েম করে ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হতে কাজ করছে, যেখানে নতুন প্রজন্ম হবে আসল চালিকাশক্তি। তিনি বলেন, দেশের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে সরকার একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে। এ নীতিমালায় জনগণের প্রত্যাশা এবং সমতা ও মানের পাশাপাশি শিক্ষার প্রবেশাধিকার নিশ্চিতকরণে সরকারের অঙ্গীকার ব্যক্ত হয়েছে। শিক্ষামন্ত্রীর উপস্থাপিত বক্তৃতায় শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে অবহিত হয়ে কাতার, তানজানিয়া, জাপান, ভারত, কিউবাসহ অধিকাংশ সদস্যরাষ্ট্র বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।