বাংলাদেশের শিক্ষাভিত্তিক আন্দোলনের অনবদ্য সাফল্য

আমাদের ভূখণ্ডটি ঔপনিবেশিক আমল থেকে জ্ঞান, মেধাভিত্তিক শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে। স্বাধীন ভূমিতে আমরা মেধাভিত্তিক সাফল্যের যথাযথ প্রমাণ দুর্ভাগ্যজনকভাবে রাখতে পারিনি কারণ স্বাধীন বাংলাদেশে শিক্ষা বরাবরই যোগ্য অগ্রাধিকার পায়নি। শিক্ষা খাতে দুর্বল বরাদ্দই তার বড় প্রমাণ। একসময় কোরিয়া ও মালয়েশিয়া থেকে শিক্ষার্থীরা আমাদের দেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসত আর এখন স্রোত বিপরীতমুখী। উপরন্তু শিক্ষায় উৎকর্ষ অর্জনে যতটুকু প্রণোদনা ছিল তা–ও জিপিএ পদ্ধতির সূচনায় তিরোহিত হয়েছে। শিক্ষায় যথাযথ বিনিয়োগের অভাব, ভৌত অবকাঠামো কিংবা পর্যাপ্তসংখ্যক দক্ষ শিক্ষকের অভাবে তরুণদের অফুরন্ত প্রাণশক্তিকে শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতায় লেলিয়ে দিয়ে শিক্ষাঙ্গনের অগ্রাধিকারহীনতাকে খানিকটা হলেও মোকাবিলা করা সম্ভব হতো। এমনি একটি সময়ে গণিত অলিম্পিয়াডের সূচনা সারা দেশের ছেলেমেয়েদের জন্য আশীর্বাদস্বরূপ। শুধু ছাত্রছাত্রীরাই নয় তাঁদের অভিভাবক ও শিক্ষেকরাও যথেষ্ট উৎসাহের সঙ্গে গণিত উৎসবসমূহে অংশগ্রহণ করে এই আন্দোলনকে অত্যন্ত বেগবান করেছে। বেশ কিছু বিষয়ের সম্মিলিত প্রয়াসই এই সাফল্যের চাবিকাঠি। একদিকে সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে প্রথম আলো পত্রিকার নানা সামাজিক আন্দোলনে অংশগ্রহণ, ডাচ্–বাংলা ব্যাংকের শর্তহীন আর্থিক পৃষ্ঠপোষকতা, জনপ্রিয় কথাশিল্পী তরুণ প্রজন্মের স্বপ্নের দিশারী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উদ্দীপনা দৃষ্টিকারী অংশগ্রহণ, উদ্বুদ্ধকারী সংগঠক মুনির হাসানের নেতৃত্বে একদল গণিতের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি জামিলুর রেজা চৌধুরী স্যারের প্রাজ্ঞতার ছায়ায় নানা অনিশ্চয়তায় ভরা পরিবেশের মধ্যেও সফলভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে শক্তি। এ ছাড়া এমআইটি, স্ট্যানফোর্ড ও কেমব্রিজে শিক্ষাপ্রাপ্ত অসীম দেশপ্রেম নিয়ে বিদেশে বিদেশে বড় হওয়া ড. মাহবুব মজুমদারের পাণ্ডিত্যপূর্ণ প্রশিক্ষণ আমাদের ছাত্রদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আসরে গিয়ে কঠিন কঠিন সমস্যার সমাধান করে দেশের জন্য প্রশংসনীয় মেধার স্বীকৃতি এনে দেওয়া। ২০১৫ সালের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আমাদের দল গণিতের নোবেল পুরস্কারখ্যাত ফিল্ডস মেডাল অর্জনকারী মঞ্জুল ভার্গাভার দেশ ভারতকে পেছনে ফেলে অসামান্য সাফল্য অর্জন করেছে এ কথা উল্লেখ করা যেতে পারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের ছাত্ররা তাদের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমাদের জাহাঙ্গীরনগর ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দল ভারত থেকে অংশগ্রহণকারী সাতটি দলের সব কটির ওপরে ছিল। শুধু তা–ই নয় আমাদের আবীরুল ইসলাম ২০০৯ সালে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে উপমহাদেশের আট প্রতিযোগীর মধ্যে শীর্ষ স্থান দখল করে দেশের জন্য প্রথম রৌপ্যপদক জয় করে। বৃষ্টি শিকদার অর্জন করে মেয়েদের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়ার গৌরব। আইএমওএর কঠিন আসর থেকে এখনো আমরা স্বর্ণপদক ছিনিয়ে আনতে পারিনি। তবে এটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই উন্মুখ হয়ে বসে আছি কে আমাদের দেশের জন্য এই গৌরব এনে দেয় দেখার জন্য। গণিত অলিম্পিয়াডকে বেগবান করার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।