বাংলাদেশের শিক্ষার্থীরা বহিষ্কারের ঝুঁকিতে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অধিকাংশ বাংলাদেশি শিক্ষার্থী বৈধ হওয়ায় তাঁরা যুক্তরাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ফলে যুক্তরাজ্যের বর্ডার এজেন্সি বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেও আপাতত ঝুঁকিতে নেই বাংলাদেশের শিক্ষার্থীরা।লন্ডনে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার ঢাকায় পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন একটি প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে।বেশ কিছু শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ছয় মাসের তদন্ত শেষে ইউকে বর্ডার এজেন্সি গত বুধবার লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করে। তাদের তদন্তে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজনীয় মানের চেয়ে অনেক কম। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে শিক্ষকদের তদারকি নেই। সেখানকার বিদেশি শিক্ষার্থীর এক-চতুর্থাংশের যুক্তরাজ্যে বসবাসের বৈধতাও নেই। ফলে বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করা হয়। তবে বৈধ শিক্ষার্থীরা দুই মাসের মধ্যে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে তাঁদের যুক্তরাজ্য ছাড়তে হবে না।লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে ঢাকায় পাঠানো বার্তায় বলা হয়েছে, সহায়তা চেয়ে ইতিমধ্যেই লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা হাইকমিশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তবে বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশের কত শিক্ষার্থী পড়াশোনা করছেন, তার সঠিক সংখ্যা তারা এখনো জানতে পারেনি। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা তিন শর বেশি নয়।হাইকমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে মূলত দুটি বিষয় নিয়ে অনিশ্চয়তা সবচেয়ে বেশি। প্রথমত দুই মাসের মধ্যেই অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া। দ্বিতীয়ত মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া টিউশন ফি ফেরত পাওয়া। এই পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ইউকে বর্ডার এজেন্সির পরিচালক জেরেমি ওপেনহেইমের সঙ্গে যোগাযোগ করা হয়। যুক্তরাজ্যের ওই কর্মকর্তা এটা বলে বাংলাদেশের কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন, ৬০ দিনের চূড়ান্ত সময়সীমার মধ্যে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। তাই ভিসা নিয়ে আপাতত শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ, যেদিন কোনো ছাত্রকে নোটিশ দেওয়া হবে, সেদিন থেকেই তাঁর ৬০ দিনের সময়সীমা গণনা শুরু হবে। আর এ নোটিশ দিতে কয়েক সপ্তাহ লাগবে। ইউকে বর্ডার এজেন্সির জ্যেষ্ঠ ওই কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা দিতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগাম হিসেবে পরিশোধ করা টিউশন ফি ফেরত পেতে টাস্কফোর্স শিক্ষার্থীদের সহযোগিতা দেবে। এ পরিপ্রেক্ষিতে নতুন করে ভিসা নিতে গেলে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা ফি মওকুফের জন্য ইউকে বর্ডার এজেন্সির কর্মকর্তাকে অনুরোধ জানান বাংলাদেশের ওই কূটনীতিক।