বাংলাদেশের শিশুদের অবস্থা কিছুটা ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিশুদের অবস্থা কিছুটা ভালো অবস্থানে আছে। সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত ‘অ্যান্ড অব চাইল্ড হুড’ প্রতিবেদনে এবার বাংলাদেশ ১৩০ তম স্থানে রয়েছে। গত বছর ছিল ১৩৪ তম অবস্থানে। স্কুলে যাওয়া শিশুদের সংখ্যা বাড়লেও প্রান্তিক শিশু বিশেষ করে প্রতিবন্ধিতার শিকার শিশুরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে।


প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পেয়েছে ৭০১ পয়েন্ট যা গতবারের চেয়ে ২১ পয়েন্ট বেশি। দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় গত এক বছরে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। প্রতিবেশী দেশের মধ্যে পাকিস্তান (১৪৯) ও আফগানিস্তান (১৬০) বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা (৬০), মিয়ানমার (১০৭) এবং ভারত (১১৩)।

১ জুন, শুক্রবার বিশ্ব শিশু দিবস। এ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সেভ দ্য চিলড্রেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক এ প্রতিবেদনটি প্রকাশ করে।

এবার এ প্রতিবেদনের প্রতিপাদ্য হচ্ছে বহুমাত্রিক বঞ্চনা। প্রতিবেদনে বাল্যবিবাহ, কিশোরী বয়সে গর্ভধারণ, শিশুমৃত্যু, শিশুশ্রম, অপুষ্টি, শিশুর প্রতি সহিংসতা সহ আটটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। ১৭৫টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে যৌথভাবে সিঙ্গাপুর ও স্লোভেনিয়া। শীর্ষ পাঁচের অন্য দেশগুলি হচ্ছে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড। অনিরাপদ শৈশবের দিক দিয়ে শীর্ষ ১০টি দেশের আটটিই পশ্চিম ও মধ্য আফ্রিকার। নাইজারের শিশুদের শৈশব সবচেয়ে কষ্টকর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী এক-তৃতীয়াংশের বেশি শিশু অপুষ্টিতে ভোগে। ৪৪ শতাংশ মেয়ের ২০ বছর বয়সের আগে বিয়ে হয়ে যায়। ৩ দশমিক ৫ ভাগ শিশু ৫ বছর বয়স পূর্ণ করার আগেই মারা যায়।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সেভ দ্য চিলড্রেনের শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত হোপ প্রকল্পের পরিচালক কামাল হোসেন। তিনি জানান, বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের মধ্যে ২০ শতাংশেরও কম শিশু স্কুলে যাওয়ার সুযোগ পায়। স্কুলের বাইরে থাকা শিশুদের মধ্যে ৫৩ শতাংশ শিশুর মধ্যে দৃশ্যমান প্রতিবন্ধিতা রয়েছে।

কামাল হোসেন বলেন, প্রতিবন্ধিতার শিকার শিশুদের স্কুলে যাওয়ার সুযোগ সৃষ্টির জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো জরুরি। একীভূত শিক্ষার ব্যাপক বিস্তারের জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেভ দ্য চিলড্রেনের পরিচালক (প্রোগ্রাম ডেভেলপমেন্ট ও কোয়ালিটি) রিফাত বিন সাত্তার বক্তব্য দেন। বিজ্ঞপ্তি