বাংলাদেশের সংস্কৃতি-বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতিবিদ্যা’বিষয়ক এক জাতীয় সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সম্মেলনকক্ষে সকাল ১০টায় দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
সেমিনারের মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বাংলাদেশের সংস্কৃতিও এক স্পন্দমান, সপ্রাণ সংস্কৃতি। এ সংস্কৃতির প্রধান কয়েকটি চরিত্রের মধ্যে আছে প্রাগ্রসরতা, বহুত্ববাদ, স্থিতিস্থাপকতা, একাগ্রতা, প্রান্তপ্রিয়তা, উদার মানবিকতা, আঘাত সহ্য করার ক্ষমতা এবং প্রতিরোধ প্রস্তুতি। মনজুরুল ইসলাম বলেন, চারটি ধর্মের প্রভাবে বেড়ে উঠেছে এই সংস্কৃতি।
সেমিনারের দ্বিতীয় অধিবেশনে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর ‘গণমাধ্যম ও সংস্কৃতি’ শীর্ষক পরিপূরক প্রবন্ধে বলেন, ‘সভ্যতা ও সংস্কৃতি এ দুটি শব্দ পাশাপাশি চলে। কোনো দেশই এক রকম থাকতে পারেনি। বড় পরিবর্তন এসেছে সভ্যতায় ও সংস্কৃতিতে।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যমই আজকে সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী প্রচারক ও নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে। সংস্কৃতি এখন দৃষ্টিগ্রাহ্য আর কর্ণগ্রাহ্য। আস্বাদনের উপায় নেই, সৌরভ গ্রহণের পথ নেই, স্পর্শ করাও সম্ভব নয়।’
আইবিএসের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সেমিনারে ‘সংস্কৃতি ও নারী’ শীর্ষক আরও একটি পরিপূরক প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট গবেষক গোলাম মুরশিদ।