বাংলাদেশের সঙ্গে আইনি লড়াইয়ে প্রস্তুত রিজাল ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত দেবে না জানিয়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) বলেছে, প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত রয়েছে তারা। ব্যাংকটির দাবি, চুরির ওই অর্থ লেনদেনের ঘটনায় তারা কোনোভাবে দায়ী নয়।
রিজাল ব্যাংকের পরামর্শক (কাউন্সেলর) থিয়া দায়েব গত বুধবার সিএনএন ফিলিপাইনকে বলেন, ‘আমরা আমাদের অবস্থানে অনড় রয়েছি। আমরা বাংলাদেশকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেব না।’ তিনি বলেন, বাংলাদেশ রিজাল ব্যাংকের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ করতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তবে আইনি লড়াইয়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
থিয়া বলেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে বাংলাদেশের কর্মকর্তাদের প্রমাণ করতে হবে, রিজাল ব্যাংক সাইবার হামলায় অংশ নিয়েছিল। কিন্তু রিজাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরিও করেনি, আবার টাকা রিজাল ব্যাংকেও ছিল না। এই পরামর্শকের দাবি, দেওয়ানি মামলাতেও আরসিবিসিকে আটকানো যাবে না। প্রাথমিক তদন্তে দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকই রিজার্ভের টাকা চুরির জন্য দায়ী।