বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহ সীমান্ত বন্ধ রাখবে ভারত
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচনের আগে জামায়াত-হেফাজতের নাশকতাকারীসহ কেউ যাতে ভারতের কোনো মহলের সাহায্য না পায়, মূলত তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীর সঙ্গে কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন।
বৈঠকে বলা হয়, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের নাশকতাকারীসহ ভারতবিরোধী কেউ যাতে ভারতীয় কোনো মহলের সাহায্য না পায়, তা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে তাড়া খেয়ে কেউ যাতে ভারতে আশ্রয় না পায়। বৈঠকে আরও বলা হয়, অস্ত্র ও বিস্ফোরক পাচারের চেষ্টা বন্ধ করা এবং সে জন্য রাজ্য সরকারের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য বিনিময়সহ ঘনিষ্ঠ সংযোগ রেখে চলা দরকার। সুন্দরবন ও ভারতীয় সমুদ্রসীমায় বিশেষ নজরদারি জোরদার করতে হবে।
বৈঠকে সীমান্তের যেসব স্থান থেকে নাশকতাকারীদের সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি, তার একটা তালিকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়।
স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী রাজ্য সরকারকে জানান, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশ-ভারত সীমান্তে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলা হবে। তিনি বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন বিষয়ে তাদের অবস্থার কথা জানিয়ে বাড়তি অর্থ চেয়েছে।’
বৈঠক শেষে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আলোচনার ৮০ শতাংশই ছিল বাংলাদেশের পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে। কারণ, অবস্থা দিন দিন ঘোলাটে হয়ে উঠছে।’
বৈঠকে বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (ডিজি) বি ডি শর্মা, মহাপরিদর্শক (আইজি) সীমান্ত অখিল রায়, রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাঁদের প্রতিবেদন পেশ করেন। রাজ্যের মুখ্য সচিব সঞ্জয় মিত্রও বৈঠকে উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী বৈঠকে জানান, রাজ্য সরকার সজাগ আছে। কোনোভাবেই রাজ্যের কোথাও ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না।
বিএসএফের সূত্র জানায়, চলতি মাসেই সীমান্ত বাহিনীর অতিরিক্ত প্রায় ছয় হাজার সদস্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।