বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী ব্রিটেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে জোরালো উদ্যোগ নিতে চান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাজ্য।

বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ-বিষয়ক বাণিজ্য দূত গতকাল সোমবার ইউএনবিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে রুশনারা বাংলাদেশকে একটি সৃষ্টিশীল ও গতিশীল দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘শুরু করার জন্য এটাই হলো আদর্শ জায়গা।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য-বিষয়ক দূত হিসেবে বাংলাদেশে রুশনারা আলীর এটাই প্রথম সফর। আগামী বৃহস্পতিবার বাংলাদেশে তাঁর সফর শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও বিরোধী দলের নেতাদের সঙ্গে তাঁর দেখা করার কথা। বাণিজ্য দূত হিসেবে এ সফরকে শিক্ষণীয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান বাণিজ্য সম্পর্ক থেকে দুই দেশই যাতে লাভবান হতে পারে তা নিয়ে আমি বাংলাদেশ ও আমাদের দেশের সরকারের সঙ্গে কাজ করতে চাই।’

রুশনারা যুক্তরাজ্যের শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক ছায়ামন্ত্রী এবং পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য। তিনি বলেন, এ দুটি দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ছাড়াও দ্রুত বিকাশমান অর্থনীতির কারণে বাংলাদেশে ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য দারুণ সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে....আমরা বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্য সম্পর্ক চাই।’

২০১০ সালের নির্বাচনে পূর্ব লন্ডনের ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসন থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হন রুশনারা আলী। বিনিয়োগ পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করেন তিনি। বলেন, বাংলাদেশ বড় প্রকল্পের দিকে জোর দিচ্ছে, যা বড় ব্যবধান গড়ে দেবে। এ সময় তিনি বাণিজ্য ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়ে বলেন, এমন ব্যবস্থা নিতে হবে যেন বিনিয়োগকারীদের কোনো বাধা বা বেগ পোহাতে না হয়।