বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর তাগিদ ভারতের ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর উপায় বের করার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সফররত ভারতের ব্যবসায়ী নেতারা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিআই) নেতাদের সঙ্গে আলোচনাকালে তাঁরা এ তাগিদ দেন।গতকাল সোমবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সিএমসিআই মিলনায়তনে সফররত ভারতীয় শিল্পমালিকদের সংগঠন সিআইআইয়ের প্রতিনিধিদের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে ভারতের বিভিন্ন শিল্প খাতের ১২ জন সদস্য অংশ নেন। বৈঠকে সিআইআইপ্রধান চিত্তরঞ্জন কাপুর বলেন, ‘বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে বিদ্যমান ননট্যারিফ ও প্যারাট্যারিফ বাধা দূর করা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোসহ সার্বিক সমস্যার সমাধানে একটি পরিকল্পনা প্রণয়ন দরকার। এ লক্ষ্যে আমরা সিএমসিআইয়ের সঙ্গে কাজ করতে চাই।’বৈঠকে সিএমসিআইয়ের সভাপতি শিল্পপতি আবদুচ ছালাম ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানির সুযোগ দেওয়ার এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যবৈষম্য কমাতে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করার আহ্বান জানান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইআইয়ের প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেডের আঞ্চলিক পরিচালক (দক্ষিণ-পশ্চিম) রাজীব রঞ্জন মল্লিক, এইচপিসিএল মিত্তাল এনার্জি লিমিটিডের ভাইস প্রেসিডেন্ট হরেন্দ্র কুমার রাজৌরা, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির এস সেন এবং টিভিসি অ্যান্ড সন্স লিমিটেডের উপব্যবস্থাপক (বিপণন) এল শ্রীকান্ত। সিএমসিআইয়ের পক্ষে ইন্দোনেশিয়ার বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মাতলুব আহমেদ, সিএমসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমান, পরিচালক মাহবুব চৌধুরী, নুরুল আলম, জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।