ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু হত্যার ঘটনায় উদ্বিগ্ন তাঁর দেশ। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে তাঁরা নিয়মিত যোগাযোগ রাখছেন।
গতকাল শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিকাশ স্বরূপ এ কথা বলেন।
গতকাল ঝিনাইদহে একটি মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে বিকাশ স্বরূপ বলেন, ঝিনাইদহের ঘটনার পর তাঁরা ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন।
বিকাশ স্বরূপ আরও বলেন, এসব ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। বাংলাদেশের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে সরকার ব্যবস্থা নিচ্ছে। এ পর্যন্ত ১১ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।