
>
- রুশ গুপ্তচরকে হত্যাচেষ্টা
- রাশিয়া সর্বশেষ অবস্থান তুলে ধরেছে।
- যুক্তরাজ্য তদন্তের বিষয়টি নিয়ে কথা বলেছে।
সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়াকে বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগে হত্যাচেষ্টার বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে যুক্তরাজ্য ও রাশিয়া। রাশিয়া বিষয়টি নিয়ে সে দেশের সর্বশেষ অবস্থান তুলে ধরেছে, যুক্তরাজ্য এ ঘটনার তদন্তের বিষয়টি নিয়ে কথা বলেছে।
রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত দ্বৈত চর হিসেবে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের স্যালিসবুরিতে ৪ মার্চ স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়াকে বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ওই ঘটনার অভিযোগে প্রায় ১৫০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্তত ২৪টি দেশ। কূটনীতিকেরা মনে করছেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় ধরনের তোলপাড়ের পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আসন্ন মস্কো সফরে রাশিয়া বিষয়টি আলোচনায় তুলবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আগামী ২ এপ্রিল মাহমুদ আলীর দ্বিপক্ষীয় আলোচনার কথা রয়েছে।
বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে গতকাল মঙ্গলবার কথা বলে জানা গেছে, ৪ মার্চ সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টার পর যুক্তরাজ্য ও রাশিয়া বাংলাদেশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে। এর মধ্যে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন ১৫ মার্চ বিষয়টি বাংলাদেশের কাছে তুলে ধরে। আর রাশিয়া এ বিষয়ে তাদের অবস্থান জানিয়ে বাংলাদেশের কাছে ২২ মার্চ একটি কূটনৈতিক চিঠি দিয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাজ্য পুরো ঘটনা তুলে ধরে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণবিষয়ক সংস্থায় (ওপিসিডব্লিউ) ওই ঘটনার তদন্তে বাংলাদেশের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে। আর যুক্তরাজ্য বিষয়টি বাংলাদেশের কাছে তোলার কারণ হচ্ছে, এ মুহূর্তে ওপিসিডব্লিউর নির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল। সাধারণত এ ধরনের রাসায়নিক গ্যাসের ব্যবহার নিয়ে অভিযোগ এলে ওপিসিডব্লিউ তা তদন্ত করে থাকে।
জানতে চাইলে এ মুহূর্তে ওপিসিডব্লিউর নির্বাহী পরিষদের সভাপতি শেখ মোহাম্মদ বেলাল গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বিষয়টি তদন্তের জন্য ওপিসিডব্লিউর মহাপরিচালককে ১৪ মার্চ চিঠি লিখেছেন। তদন্ত শেষ হতে কতটা সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, এর নির্দিষ্ট সময়সীমা নেই। বিষয়টি একেবারেই কারিগরি ধাঁচের। ওই ঘটনায় যা ব্যবহার করা হয়েছে, তা রাসায়নিক অস্ত্র কি না, সেটি তদন্তে বের করা হবে। এতে কে দায়ী বা কার দায় নেই—এভাবে সিদ্ধান্ত দেওয়া হয় না। আর পুরো প্রক্রিয়াটিই কারিগরি বলে এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় থাকছে না।
শেখ মোহাম্মদ বেলাল জানান, তদন্ত হবে মহাপরিচালকের নেতৃত্বে। তদন্ত শেষে প্রতিবেদনটি পরিষদের কাছে দেওয়া হবে। এই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি পরিষদের সিদ্ধান্তের বিষয়। কোনো সদস্যদেশ এটি গোপন রাখার প্রস্তাব দিলে তা প্রকাশ করা হবে না। আবার পরিষদ যদি প্রকাশের সিদ্ধান্ত নেয়, তবে তা প্রকাশ বাধ্যবাধকতামূলক হয়ে যাবে।
উল্লেখ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই কাউন্সিলের সদস্য।
এদিকে ঢাকায় রাশিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুশ কূটনীতিকদের বিভিন্ন দেশ থেকে বহিষ্কারের নিন্দা জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এ সিদ্ধান্তের গভীর তীব্র নিন্দা জানাই। তথাকথিত স্ক্রিপালের ঘটনাকে এর কারণ হিসেবে অভিহিত করা হচ্ছে। আমরা এর মধ্যেই জানিয়েছি, এ ঘটনার সঙ্গে রাশিয়া যুক্ত নয়। তবে আমরা পারস্পরিক পদক্ষেপ নেওয়ার নীতি দ্বারা পরিচালিত হব।’