বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা নাকচ করলেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে শ্রীলঙ্কার তামিল বিদ্রোহ দমনকালে সংঘটিত অপরাধের তুলনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, শ্রীলঙ্কায় যা হয়েছে তা গৃহযুদ্ধ এবং তিন দশক ধরে চলা ওই যুদ্ধে কোনো ‘বাড়াবাড়ি’ হয়ে থাকলে তা দেশটি নিজেই তদন্ত করে ব্যবস্থা নেবে। গত শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ মিনিস্টারিয়াল অ্যাকশন গ্রুপের (সিম্যাগ) এক বৈঠক শেষে কমনওয়েলথ সাংবাদিক সমিতির পৃথক একটি অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কমনওয়েলথ স্টাডিজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেফাজতের দাবি উদ্ভট: এদিকে একই অনুষ্ঠানে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিকে ‘পুরোপুরি উদ্ভট’ অভিহিত করেছেন দীপু মনি। তিনি উপস্থিত বিদেশি সাংবাদিকদের বলেন, হেফাজতের দাবি সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। হেফাজতের দাবির মুখে কয়েকজন ব্লগারকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করে একজন সাংবাদিক জানতে চান, সরকার এতে হেফাজতের কাছে নতিস্বীকার করল কি না। জবাবে তিনি বিষয়টি নাকচ করে দেন। শ্রীলঙ্কাতেই কমনওয়েলথ শীর্ষ সম্মেলন: কমনওয়েলথের আগামী ২৩তম শীর্ষ সম্মেলন পরিকল্পনা অনুযায়ী শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে। কমনওয়েলথভুক্ত কয়েকটি সদস্য দেশ এবং কিছু মানবাধিকার সংগঠনের বিরোধিতা সত্ত্বেও এ সিদ্ধান্ত বহাল রয়েছে। সিম্যাগের বৈঠক শেষে গ্রুপটির সভাপতি দীপু মনি এ কথা ঘোষণা করেন। আগামী নভেম্বরের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।শীর্ষ সম্মেলন শ্রীলঙ্কায় অনুষ্ঠান না করার বিষয়টি ওই বৈঠকে কমনওয়েলথের কোনো মন্ত্রী তুলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, তিনি এ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চান না। তবে, বৈঠকে কমনওয়েলথসংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা হয়েছে বলে তিনি জানান।শ্রীলঙ্কায় কমনওয়েলথ সম্মেলন হওয়ার ব্যাপারে ইতিপূর্বে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, শ্রীলঙ্কার মানবাধিকার রেকর্ড ‘আতঙ্কজনক’।