বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ টিআইয়ের
গুলশানে রেস্তোরাঁয় হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন হোসে উগাজ। এই হামলায় নির্দোষ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে তিনি এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হোসে উগাজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঙ্গে টেলিফোনে কথা বলে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের এই কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয়, সাংস্কৃতিক, জাতিগত এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের ফলে গর্বিত জাতি হিসেবে পরিচিত। এ ধরনের সন্ত্রাস ও চরমপন্থা বাংলাদেশের মূল্যবোধ ও দর্শনের একেবারে পরিপন্থী।
টিআইয়ের চেয়ারপারসন আশা প্রকাশ করেন, সাহস ও সক্ষমতা দিয়ে বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস ও চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। এই হামলায় নিহত টিআইবির স্বেচ্ছাসেবক সদস্য ইশরাত আখন্দকে বিশেষভাবে স্মরণ করেন তিনি। পাশাপাশি ওই হামলায় নিহত সবার আত্মার শান্তি কামনা করেন।
টিআইয়ের চেয়ারপারসন টিআইবির বোর্ড, কর্মী ও এর সঙ্গে জড়িত সবার প্রতি সংহতি ও সমর্থন জানান। টিআইবির সঙ্গে জড়িত ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি দৃঢ় নৈতিকতা বজায় রাখার আহ্বানও জানান তিনি, যা এই মুহূর্তে চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি।