বাংলাদেশের সঙ্গে সমুদ্র সম্পদকেন্দ্রিক অর্থনীতির চুক্তি করতে চায় চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র সম্পদকেন্দ্রিক অর্থনীতি এবং সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষর করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে গতকাল রোববার প্রকাশিত এ-সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুন সামুদ্রিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়াও পাঠিয়েছে চীন।
বাংলাদেশের কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, সমুদ্র সম্পদ বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং সমীক্ষা চালাতে বাংলাদেশ বেশ আগেই চীনের কাছে একটি প্রস্তাব দিয়েছিল। তবে চীনের কাছ থেকে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরের পরপরই চীনের কাছ থেকে প্রস্তাব আসে। মোদির সফরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) মধ্যে বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদ বিষয়ে যৌথ গবেষণা এবং একটি কর্মসহায়ক দল তৈরির বিষয়ে এমওইউ স্বাক্ষরিত হয়। ৬ জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত দুটি চুক্তির মধ্যে একটি ছিল ‘বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের সমুদ্র সম্পদকেন্দ্রিক অর্থনীতি এবং সহযোগিতা’ সংক্রান্ত। চুক্তি দুটিকে দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ বলে মনে করা হয়। চীনের প্রধানমন্ত্রী লি খোসিয়াং আগামী সেপ্টেম্বর মাসে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বার্ষিকী উপলক্ষে এই সফর। চীন ওই সফরের সময় সমুদ্র সম্পদকেন্দ্রিক অর্থনীতি এবং সহযোগিতার ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করতে চায়।