বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে এখনই কাজ শুরু করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার প্রকাশিত ভারতের দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সম্পাদকীয়তে এ আহ্বান জানানো হয়। সম্পাদকীয়তে বলা হয়, গত বছর তিস্তা চুক্তি থেকে মুখ্যমন্ত্রী মমতা শেষ মুহূর্তে সরে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ভাটা পড়ে। তবে সময় কম হলেও এখনো ওই সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ রয়েছে।পত্রিকাটি বলেছে, বাংলাদেশের সঙ্গে পানি চুক্তি না হওয়ায় ভারত চমৎকার একটি সুযোগ হাতছাড়া করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশ ও ভারতের কাছে ওই চুক্তির গুরুত্ব অপরিসীম। চুক্তি হলে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার বিষয়ে সমঝোতায় আসা সহজ হতো। এতে করে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের এলাকাগুলোর যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব ও সময় দুটোই কমে আসত।সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার অনেক দূর এগিয়ে গেছেন। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল একদল ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে ত্রিপুরা সফর করেন। ত্রিপুরার সেন্ট্রাল ইউনিভার্সিটি শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিয়েছে। ত্রিপুরা সফরের প্রস্তাব শেখ হাসিনা হাসিমুখে গ্রহণ করলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণ বলেন, ব্যস্ততার কারণেই শেখ হাসিনা সমাবর্তনে যোগ দেওয়ার ওই প্রস্তাব ফিরিয়ে দেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষ্যমতে, তাঁর ওই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার মতো যথেষ্ট প্রমাণ নেই। তবে এমনও হতে পারে, এর মাধ্যমে তিস্তা চুক্তির ব্যর্থতার প্রতিক্রিয়া দেখিয়েছেন শেখ হাসিনা।