বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাতে চায় ভারত। আর সেটা হবে পারস্পরিক সমঝোতা, শ্রদ্ধা ও ঐক্যের ভিত্তিতে। এই দুই দেশের মানুষ অনেক শতাব্দী ধরে পাশাপাশি বসবাস করে আসছে। প্রতিবেশী হওয়ার সুবাদেই দুই দেশের সংস্কৃতিতে রয়েছে অনন্য সাদৃশ্য।’ গতকাল শুক্রবার বিকেলে নগরের শিবগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধিত অতিথির বক্তৃতায় পঙ্কজ সরন এসব কথা বলেন। বাংলাদেশ মণিপুরী যুব সমিতি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফেলেম ধীরেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব আর মাসাকুই, পঙ্কজ সরনের সহধর্মিণী প্রীতি সরন, সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রুকন উদ্দিন।পঙ্কজ সরন বক্তৃতায় আরও বলেন, ‘বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের একটা অংশ সিলেট। সিলেটের সবুজ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই সৌন্দর্যসহ নানা কারণে এখন বাংলাদেশ পৃথিবীতে অন্যতম পরিচিত রাষ্ট্র হিসেবে পরিগণিত হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে এ দেশের জনসাধারণ, নেতৃবৃন্দের কৃতিত্বে।’ এর আগে পঙ্কজ সরন ভারত সরকারের সহযোগিতায় সিলেটের তিনটি মণিপুরী মন্দিরের আদি রূপ পুনরুদ্ধার ও সংরক্ষণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি মণিপুরী সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্য রক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জে একটি মণিপুরী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।