বাংলাদেশের সঙ্গে সিডিসির সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সিডিসির (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) পরিচালক টমাস আর ফ্রেইডেন বলেছেন, জনস্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের সঙ্গে সিডিসির সম্পর্ক ৪০ বছরের বেশি। নতুন দুটি উদ্যোগের ফলে সেই সম্পর্ক আরও দৃঢ় হবে।গত রোববার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) এক সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক এ কথা বলেন। ঢাকার মার্কিন দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মার্কিন কংগ্রেস দলের সফরসঙ্গী হিসেবে ফ্রেইডেন এক দিনের সফরে গত পরশু রাতে বাংলাদেশে এসেছিলেন।ফ্রেইডেন বলেন, জনস্বাস্থ্য বিষয়ে নতুন দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও সিডিসি একসঙ্গে কাজ করছে। বাংলাদেশে বৈশ্বিক রোগ শনাক্তকরণ কেন্দ্র (গ্লোবাল ডিজিজ ডিটেকশন সাইট) হচ্ছে। এ ছাড়া মাঠপর্যায়ে রোগ শনাক্ত করার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।সিডিসির পরিচালক এক প্রশ্নের উত্তরে বলেন, আইইডিসিআরের সঙ্গে কাজ করায় উভয় পক্ষই লাভবান হচ্ছে। নিপাহ ভাইরাস-বিষয়ক অন্য প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষের আচরণ পরিবর্তন করা যেমন কঠিন, একইভাবে সব মানুষের কাছে সঠিক সময়ে তথ্য পৌঁছে দেওয়াও দুষ্কর।