বাংলাদেশের সঙ্গে 'সমন্বিত অংশীদারত্ব' চায় জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ‘সমন্বিত অংশীদারির’ ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী জাপান। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ লক্ষ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ শুরুর জন্য এখনই ‘যথার্থ সময়’ বলে মনে করে দেশটি।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র কোইছি মিজুশিমা গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সফর উপলক্ষে জাপান দূতাবাস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কোইছি মিজুশিমা সাংবাদিকদের জানান, ৩৫তম সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় পাঁচটি প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ১১৮ কোটি ডলার ঋণ দেবে তাঁর দেশ। জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন ও নগর অবকাঠামো উন্নয়নে এ প্রকল্পগুলো নেওয়া হবে। মিজুশিমা বলেন, গতকাল সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে ফুমিও কিশিদা এসব কথা জানান। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র আরও বিকশিত হবে বলেও জাপানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।
এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যায় ফুমিও কিশিদা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের বৃহদায়তন প্রকল্পে জাপানের বিনিয়োগ নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। এ দেশের ব্যবসার পরিবেশের উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে জাপানের বিনিয়োগ বাড়াতে এখানকার বিনিয়োগ সংশ্লিষ্ট আইন ও পরিচালনা কাঠামোর উন্নয়নে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুমিও কিশিদা বাংলাদেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জাপান গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোরকম সহিংসতাকে সমর্থন করে না।
বৈঠক সূত্রে জানা গেছে, চলমান উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রসঙ্গ তুলে জাপানের পররাষ্ট্রমন্ত্রী একে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেন। তাঁর পর্যবেক্ষণ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করেছে।
সাংবাদিকদের উপমুখপাত্র কোইছি মিজুশিমা বলেন, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের কিছুটা উন্নতি হয়েছে। আরও উন্নতি প্রত্যাশা করে জাপান। সে দেশের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এ জন্য সহায়ক পরিবেশ অপরিহার্য। বিশেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও স্থিতিশীল পরিবেশ থাকা প্রয়োজন। কোইছি মিজুশিমা জানান, এখন পর্যন্ত জাপানের ১৭৬টি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে।
জাপানি মুখপাত্র আরও বলেন, বৈঠকে রাজনীতি, অর্থনীতিসহ সহযোগিতার সব বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারি প্রতিষ্ঠার প্রস্তাব দেন ফুমিও কিশিদা।
বাংলাদেশের প্রস্তাবিত অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সইয়ের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা পাওয়ার এটাই সবচেয়ে ভালো উপায় নয়। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় কোনটি, সে বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হবে কি না, জানতে চাইলে কোইছি মিজুশিমা বলেন, এবার এ ধরনের কোনো পরিকল্পনা নেই। কারণ, এবারকার সফর অত্যন্ত সংক্ষিপ্ত।
ইউএনবি জানায়, পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বাংলাদেশের আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের অভিনন্দনপত্র শেখ হাসিনার হাতে তুলে দেন। তিনি টোকিও সফরের জন্য প্রধানমন্ত্রী আবের আমন্ত্রণও পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে টোকিও সফরের আশা প্রকাশ করেন। তিনিও জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় ফুমিও কিশিদা বঙ্গবন্ধুর ১৯৭৩ সালের জাপান সফরের কয়েকটি আলোকচিত্র শেখ হাসিনাকে হস্তান্তর করেন।
সফর শেষে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর গতকাল রাতেই ঢাকা ত্যাগ করার কথা। এখান থেকে তিনি মিয়ানমার যাবেন।