বাংলাদেশের সঙ্গেই থাকছে অ্যালায়েন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একের পর এক সন্ত্রাসী হামলার পরও বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেবে না যুক্তরাষ্ট্রভিত্তিক তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স। জানিয়েছে, জোটের সদস্যরা বাংলাদেশ থেকে পোশাক কেনা অব্যাহত রাখবে।
আজ বুধবার উত্তর আমেরিকার দুই ডজনের বেশি ফ্যাশন ব্র্যান্ড ও রিটেইলারদের প্রতিনিধিত্বকারী জোট ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’র পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় ২০ জিম্মিকে হত্যার পর পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। বিশেষ করে নিহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন ইতালীয় নাগরিক, যাঁরা পোশাক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
অ্যালায়েন্সের বাংলাদেশের প্রতিনিধি (কান্ট্রি ডিরেক্টর) জেমস মরিয়ার্টি এক টেলিকনফারেন্সে বলেন, ‘অবর্ণনীয় বিয়োগান্ত এই হত্যাকাণ্ড সত্ত্বেও জোট এবং আমাদের সদস্য কোম্পানি বাংলাদেশের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে।’
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সহযোগিতা করতে ২০১৩ সালে উত্তর আমেরিকার ক্রেতাদের নিয়ে গঠিত হয় অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। ওয়ালমার্ট ও গ্যাপের মতো বড় ক্রেতা প্রতিষ্ঠানও এই জোটের সদস্য। রানা প্লাজার ওই দুর্ঘটনায় ১ হাজার ১ শর বেশি শ্রমিক নিহত হয়েছিলেন।

বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি বলেন, ‘পোশাকশিল্পে কাজ করা বাংলাদেশের লাখ লাখ নারী-পুরুষের নিরাপত্তাবিধান করা আবশ্যক। যেহেতু আমরা আমাদের কর্মী ও ঠিকাদারদের নিরাপত্তাবিধান নীতি পর্যালোচনা ও হালনাগাদ করেছি, সেহেতু বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা উন্নয়নে আমাদের কাজ পূর্ণ গতিতেই চলতে থাকবে।’

গুলশান হামলার পর বেশ কয়েকজন নেতৃত্বস্থানীয় রপ্তানিকারক জানিয়েছেন, সাম্প্রতিক এই হামলার ঘটনায় কিছু ক্রেতা বাংলাদেশে আসা স্থগিত করেছেন। তাঁরা বাংলাদেশের পরিবর্তে দুবাই কিংবা ব্যাংককের মতো বিকল্প জায়গায় ব্যবসায়িক বৈঠক করতে চাইছেন। তবে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বলছে, বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা এইচঅ্যান্ডএমের মতো রিটেইলাররা ঢাকা থেকে কার্যাদেশ বাতিল করবে না বলে তাদের আশ্বস্ত করেছে।