বাংলাদেশের সঙ্গেই থাকবে জাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে রেস্তোরাঁয় হামলায় সাতজন জাপানি নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় মর্মাহত হয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকা। তবে এই হামলার পরও বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সব সময় পাশে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। 

আজ বুধবার জাইকার ওয়েবসাইটে প্রকাশিত সংস্থাটির প্রেসিডেন্টের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা বলেন, ঢাকা শহরের যানজট পরিস্থিতি উন্নয়নে একটি অবকাঠামো প্রকল্পের জরিপে অংশ নিতে জাইকার পক্ষ থেকে ঢাকায় এসেছিলেন এই আটজন জাপানি। কিন্তু দুঃখের বিষয় হলো, যাঁরা বাংলাদেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করছিলেন, তাঁরাই এই মর্মান্তিক ঘটনার শিকার হলেন। যারা এ ধরনের সন্ত্রাসবাদে জড়িত, তাদের প্রতি রাগ সামলে রাখা অসম্ভব।
বিবৃতিতে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে তাঁদের স্বজনদের প্রতি সমবেদনা জানান জাইকার প্রেসিডেন্ট। সেই সঙ্গে এ ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে জাইকার পক্ষ থেকে সব পরিবারের সদস্যদের প্রতি যতটা সম্ভব সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।

শিনিচি কিতাওকা বলেন, ‘যাঁরা নিহত ও আহত হয়েছেন, তাঁরা শুধু বাংলাদেশে জরিপ কাজেই অংশগ্রহণ করেননি, একই সঙ্গে জাইকার সঙ্গে তাঁরা উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধিতেও অবদান রাখেন। তাঁরা বেঁচে থাকলে আরও অনেক কিছু দিতে পারতেন। কিন্তু এটা আমাদের জন্য অনেক দুঃখের ব্যাপার যে এই মূল্যবান প্রতিভাদের হত্যা বা আহত করা হয়।’
গত অক্টোবরে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে একজন জাপানিকে হত্যা করা হয়। তখন জাইকার কর্মীদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং তাঁদের সতর্ক করা হয়েছিল। সম্প্রতি তাঁদের আবারও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছিল। বিশেষ করে রমজানের সময় ও এর পরে। সেই প্রচেষ্টা সত্ত্বেও এই ফলাফল বেশ দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।
শিনিচি কিতাওকা জানান, ‘জাইকা–সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আমরা অব্যাহত রাখব। যেখানে আমরা কাজ করব, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে পরিস্থিতি মূল্যায়নের চেষ্টাও থাকবে। আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট থাকব।’