বাংলাদেশের সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টার প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ-বিষয়ক মার্কিন বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশের সন্ত্রাসবাদবিরোধী ভূমিকার ব্যাপক প্রশংসা করা হয়েছে। ২০১৪ সালের পরিস্থিতি-বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের রাজনৈতিক ইচ্ছা ও দৃঢ় প্রতিশ্রুতি এবং সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টার কারণে দেশটির আন্তদেশীয় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হওয়া কঠিন হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে বাংলাদেশ সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ডে ব্যাপক অগ্রগতি লাভ করে। এই বছরে বড় ধরনের কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি। এ ছাড়া বাংলাদেশের বর্তমান সরকার সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টায় প্রতিবেশী ভারতের সঙ্গে সহযোগিতার বিষয়েও জোর আগ্রহ প্রকাশ করেছে।
মার্কিন প্রতিবেদন বলছে, সন্ত্রাসী সংগঠনগুলো তাদের মৌলবাদী আদর্শ সম্প্রসারণে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাংলাদেশ থেকেও বিদেশি যোদ্ধা নেওয়ার চেষ্টা করেছে। মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্টে (আইএসআইএল বা আইএস) বাংলাদেশিদের নিয়োগ করার ব্যাপারে প্রচেষ্টা চালানোয় প্রবাসী বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ আইএসআইএল-বিরোধী বৈশ্বিক জোটের অংশ না হলেও দেশটি ওই হুমকির ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর আইএসআইএল ও আল-নুসরাহ ফ্রন্টে জঙ্গি নিয়োগ করার অভিযোগে বাংলাদেশের পুলিশ সামিউন রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সন্ত্রাসী সংগঠন জামাআতুল মুজাহিদীন, হরকাতুল জিহাদ এবং আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের বাহিনীগুলো। এতে আরও বলা হয়, বাংলাদেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা কর্মসূচিতে অংশ নিচ্ছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসবাদবিরোধী প্রশিক্ষণ গ্রহণ করছে। বাংলাদেশের কোস্টগার্ড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ ইউনিট ও সেনাবাহিনীর ফার্স্ট প্যারা কমান্ডো ব্যাটালিয়নসহ দেশটির নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসবাদবিরোধী প্রশিক্ষণ দেওয়া অব্যাহত রেখেছে মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড প্যাসিফিক।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ও এর ফাইনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট/অ্যান্টি মানি লন্ডারিং সেকশন সন্ত্রাসীদের তহবিল জোগানের বিরুদ্ধে কাজ করছে। সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও পুরোপুরিভাবে সক্রিয়। দেশটি বিভিন্ন সন্ত্রাসবাদবিরোধী প্রটোকলে অংশ নিচ্ছে। বর্তমান সরকার সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ডে ভারতের সঙ্গে সহযোগিতার জোরালো আকাঙ্ক্ষার কথাও প্রকাশ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সহিংস মৌলবাদ মোকাবিলায় কৌশলগত যোগাযোগকে ব্যবহার করছে। সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট।