বাংলাদেশের সব অর্জনে আ.লীগের অবদান আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর স্বাধীন বাংলাদেশের যত অর্জন, তার সবকিছুতে আওয়ামী লীগের অবদান রয়েছে।
কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল মাঠ) আয়োজিত দলীয় এক শোকসভায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাবুদ্দিন আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শোকসভায় আয়োজন করে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ।
মেয়র আরও বলেন, শাহাবুদ্দিন আহমদ ছিলেন গণমানুষের নেতা। এলাকার মানুষ ও দলের জন্য তিনি রাজনীতি করে গেছেন। যে কারণে মৃত্যুর পরও মানুষ তাঁকে স্মরণ করছেন। তাঁর কাজকে মূল্যায়ন করছেন। রাজনীতিবিদদের পরকালের কথা মাথায় রেখে কাজ করতে হবে। যাতে মৃত্যুর পর মানুষ তাঁকে মনে রাখে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল হক, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আহমদ হোসেন।