বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) একটি পুরোপুরি স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য সংস্থায় পরিণত করতে এর প্রধান নির্বাহী পদে যুক্তরাজ্যের প্রার্থী বাংলাদেশের সমর্থন চেয়েছেন। ডব্লিউএইচওর মহাপরিচালক পদের নির্বাচনে যুক্তরাজ্যের প্রার্থী ডেভিড নবারো বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে গতকাল রোববার বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ সফরের সময় ডেভিড নবারো গতকাল সকালে ব্রিটিশ এমিনিটি ক্লাবে গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সঙ্গে কথা বলেন।
ডেভিড নবারো বলেন, ‘আমি এ দেশকে ভালোবাসি। এ দেশের অনেক অর্জন আছে। তাই বাংলাদেশের ভোট চাইতে এসেছি। বাংলাদেশ আমাকে সমর্থন করলে আমি অন্যদের মনোযোগ আকর্ষণ করতে পারব।’
মে মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সাধারণ সভায় ১৯৪টি সদস্য দেশের সংস্থাটির প্রধান নির্বাহী পদে নির্বাচন হবে। ডব্লিউএইচওর মহাপরিচালক পদে নির্বাচনে ডেভিড নবারো ছাড়া অন্য দুই প্রার্থী হচ্ছেন ইথিওপিয়ার সাবেক পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী তেদরোস এদহানোম ও পাকিস্তানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সানিয়া নিশতার।