বাংলাদেশের সমস্যা বেশি প্রচার হলেও সম্ভাবনা অসীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানেই প্রাকৃতিক দুর্যোগ, ভবনধস কিংবা রাজনৈতিক হানাহানির দেশ নয়। দেশটি রাজনৈতিক কারণে যতটা অস্থিতিশীল, অর্থনৈতিকভাবে তার চেয়ে বেশি স্থিতিশীল। প্রাকৃতিক দুর্যোগে যতটা বিপর্যস্ত, তার চেয়ে বেশি সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যে। সমস্যাগুলো প্রচার বেশি হলেও বাস্তবে বাংলাদেশের ইতিবাচক দিক ও সম্ভাবনা অসীম। যে কারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই এগিয়ে যাওয়ার সঙ্গী হয়ে বিদেশি বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি লাভবান হবেন।
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে লন্ডনে দুদিনব্যাপী অনুষ্ঠিত ‘রোড শো’র মূল বার্তা ছিল এটাই। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের উদ্যোগে পূর্ব লন্ডনের বাণিজ্যিক এলাকা ক্যানারি ওয়ার্ফের একটি মিলনায়তনে গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার ওই রোড শো অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক বক্তা এতে বক্তব্য দেন।
সরকারি কর্মকর্তারা মূলত বলেন যে বর্তমানের বাংলাদেশ এক ভিন্ন বাংলাদেশ। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এ জন্য দেশের যোগাযোগ, জ্বালানি, সেবা, প্রযুক্তি খাত থেকে শুরু করে অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ দরকার। তুলনামূলক সস্তা শ্রম, স্থিতিশীল প্রবৃদ্ধি, বিপুল বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর সামাজিক সূচকগুলোতে এগিয়ে চলা বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।
প্রথম দিনের আলোচনায় বাংলাদেশের অর্জন, বিনিয়োগ-সংক্রান্ত বিধিবিধান ও বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরা হয়। গতকাল দ্বিতীয় দিনে সরকারি-বেসরকারি মালিকানা (পিপিপি), বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ, আইসিটি, হাইটেক পার্ক, চামড়াজাত শিল্প, কৃষি, টেলিযোগাযোগ, পর্যটন, জাহাজ নির্মাণ ও প্লাস্টিক শিল্পের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলাদা অধিবেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সংশ্লিষ্ট খাতে ব্যবসা করছে এমন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
রোড শোতে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি ব্রিটিশ বিনিয়োগকারীরাও অংশ নেন। লেডউড নামে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির হিসাব নির্বাহী পিটার করনিশ, গ্রেডলিংক ইউকের পরামর্শক ডেভিড গি, আইএম পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক গর্ডন জে ডিকি এবং স্পেনসার্স নামে একটি কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মার্ক কিংসহ উপস্থিত বেশ কয়েকজন সম্ভাব্য বিনিয়োগকারীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলেন, রোড শোতে এসে বাংলাদেশ সম্পর্কে তাঁদের ধারণা অনেকখানি বদলে গেছে।
রোড শোতে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল নির্মাণ, ঢাকায় নতুন ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, পাঁচটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে বড় বিনিয়োগের অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়।
বাংলাদেশের অর্থনৈতিক অর্জন তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, এক দশকের ব্যবধানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে হয়েছে ২৬ বিলিয়ন ডলার। বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, ব্যবসা লাভজনক হওয়ার কারণেই বাংলাদেশে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো মুনাফার ৬৫ শতাংশ আবার বিনিয়োগ করে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোটস গ্রুপ পিএলসি ইউকের পল ফরম্যান বলেন, বাংলাদেশে পোশাক খাতের কর্মপরিবেশ নিয়ে নানা কথা বলা হয়, কিন্তু তাঁদের প্রতিষ্ঠানে শ্রমিকদের কর্মপরিবেশের রেটিং অনেক উন্নত দেশের চেয়ে ভালো।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদেশি ও বেসরকারি বিনিয়োগকে সরকার স্বাগত জানাচ্ছে। বিনিয়োগের জন্য সরকার প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রস্তুত বলে আশ্বস্ত করেন তিনি।