বাংলাদেশের সমীক্ষার প্রথম প্রতিবেদন জুনে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশের পরিচালিত সমীক্ষার প্রথম খসড়া প্রতিবেদন আগামী জুনে জমা দেওয়া হবে। উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে আলোচনার পর যৌথ সমীক্ষা দলের জন্য নির্ধারিত সময় ২০১৪ সালের জুনের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে জমা দেওয়া হবে। গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত টিপাইমুখ প্রকল্পের যৌথ সমীক্ষা দলের দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বাংলাদেশ কোন পদ্ধতিতে সমীক্ষা চালাবে তা চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মীর সাজ্জাদ হোসেন। আর ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন জেআরসির অন্যতম সদস্য এন কে মাথুর। মূলত জেআরসির একটি কারিগরি উপকমিটির আওতায় এ বৈঠকটি হয়েছে। ভারতের মণিপুর রাজ্যে বরাক নদের ওপর প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্পের প্রভাব নিয়ে যৌথ সমীক্ষা পরিচালনার জন্য গত বছরের আগস্টে জেআরসির আওতায় কারিগরি এ উপকমিটি গঠন করা হয়। দুই দিনের এ বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিপাইমুখের প্রভাব নিয়ে বাংলাদেশের পক্ষে সরকারের দুটি সহযোগী প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) পরিচালিত দুটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সমীক্ষার জন্য ভারতের কাছে বাড়তি তথ্য ও প্রতিবেদন চেয়েছে বাংলাদেশ। এ নিয়ে জানতে চাইলে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা মীর সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত আগস্টে নির্ধারিত যৌথ সমীক্ষার কার্যপরিধি অনুযায়ী আমরা ভারতের কাছে বাড়তি কিছু তথ্য ও প্রতিবেদন চেয়েছি। ভারত আমাদের অনুরোধ অনুযায়ী এসব তথ্য ও প্রতিবেদন দিতে রাজি হয়েছে।’মীর সাজ্জাদ জানান, আইডব্লিউএম ও সিইজিআইএসের প্রতিবেদন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত কিছু মতামত দিয়েছে। দুই পক্ষের সম্মতিতে তা প্রতিবেদন দুটিতে যুক্ত করা হবে। দুই পক্ষ সমীক্ষার পদ্ধতিও চূড়ান্ত করেছে। বৈঠকে উপস্থিত অন্য এক কর্মকর্তা বলেন, গত আগস্টে যৌথ সমীক্ষার জন্য বাংলাদেশকে পাঁচ খণ্ডের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) দিয়েছিল ভারত। পরে পরিবেশগত প্রভাব পর্যালোচনা (ইআইএ) প্রতিবেদনসহ আরও কিছু তথ্য দিয়েছে দেশটি। বৈঠকে উপস্থিত বাংলাদেশ দলের আরেক সদস্য প্রথম আলোকে বলেন, এপ্রিলে প্রথম খসড়া প্রতিবেদন দেবে আইডব্লিউএম। তার ভিত্তিতে সিইজিআইএস জুনে তাদের প্রতিবেদন দেবে। এরপর কারিগরি কমিটি প্রথম খসড়া প্রতিবেদন পর্যালোচনা করে তাদের মতামত দেবে। এর ভিত্তিতে দ্বিতীয় দফায় প্রতিবেদন দেওয়া হবে। এরপর দুই দেশের সরকারের কাছে ২০১৪ সালের জুনে নির্ধারিত সময়ানুযায়ী তৃতীয় বা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। ওই সদস্য আরও বলেন, ভারত ইতিমধ্যেই টিপাইমুখ প্রকল্প নিয়ে সমীক্ষা শেষ করেছে। এখন বাংলাদেশে এর প্রভাব কী হবে, তা নিয়ে বাংলাদেশ অংশে সমীক্ষা চালানো হবে। আর এ সমীক্ষায় ভারতের মতামত সংযুক্তির মাধ্যমে শেষ হবে যৌথ সমীক্ষা কার্যক্রম।