
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে গত বুধবার ‘বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ)’ আয়োজিত এক মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে সময়ের পরীক্ষিত বন্ধু। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও উন্নয়নের অন্যতম অংশীদার। তিনি আরও বলেন, তাঁর দল ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত দুই দেশের সম্পর্ক বিকশিত হয়ে চলেছে।
সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য গত বছর ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক প্রতিফলিত হয়। এই সম্পর্ক সম্প্রসারণের পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে কিছু ক্ষেত্রে হোঁচট খাওয়ায় এই সম্ভাবনা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে আছে বাংলাদেশি পোশাকের ওপর অত্যন্ত উচ্চ শুল্ক আরোপের বিষয়টি।’
শেখ হাসিনা বলেন, এলডিসিভুক্ত বেশির ভাগ দেশ বিভিন্ন অগ্রাধিকারমূলক স্কিমের আওতায় যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে। কিন্তু উচ্চ শুল্কের কারণে শুল্কমুক্ত সুবিধাপ্রাপ্ত এলডিসি দেশগুলোর সঙ্গে বাংলাদেশ তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এমনকি কিছু উন্নয়নশীল দেশ শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে। এই ক্ষেত্রে সব প্রতিযোগীকে সমতার সুযোগ দিতে হবে। তিনি বলেন, দোহা রাউন্ডের অঙ্গীকার অনুযায়ী যুক্তরাষ্ট্র ছাড়া সব উন্নত দেশ, এমনকি অনেক উন্নয়নশীল দেশ এলডিসিভুক্ত দেশগুলোর জন্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রূপকল্প-২০২১ মোতাবেক এ দেশ এখন একটি শিল্পোন্নত, ডিজিটাল, মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠার পথে রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের এ লক্ষ্য অর্জনে বাংলাদেশের প্রয়াসে বিনিয়োগ, বাণিজ্য এবং সমৃদ্ধির অংশীদার হতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে আহ্বান জানাচ্ছি।’
এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে হবে
প্রধানমন্ত্রী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থায়নের ঘাটতি মোকাবিলায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করা প্রয়োজন। কারণ এ লক্ষ্যে সম্পদের জোগান দেওয়া সরকারগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের এক আলোচনায় এ কথা বলেন তিনি।
আঙ্কটাডের তথ্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের জিডিপির ৬০ শতাংশ, পুঁজি প্রবাহে ৮০ শতাংশ ও কর্মসংস্থানের ৯০ শতাংশ বেসরকারি খাতের আওতায়। এ জন্য এসডিজি বাস্তবায়নে তাদের অংশগ্রহণ ও দায়বদ্ধতা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ‘এসডিজি বাস্তবায়ন, অর্থায়ন ও তদারকি’ শীর্ষক উচ্চপর্যায়ের একটি বৈঠকে বক্তৃতাকালে দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশের উদ্ভাবন বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
পানি গবেষণায় বৈশ্বিক তহবিল গঠনের আহ্বান
পানিসম্পদ ও ব্যবস্থাপনা খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পানিসংক্রান্ত গবেষণা এবং উদ্ভাবন ও প্রযুক্তি স্থানান্তরে একটি বৈশ্বিক তহবিল গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনের পাশাপাশি গতকাল বৃহস্পতিবার পানিসংক্রান্ত উচ্চপর্যায়ের প্যানেলের চতুর্থ সভায় তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘পানিকে আমরা অধিকার হিসেবেই মূল্য দিয়ে থাকি। পানি মানবিক মর্যাদা নিশ্চিত করে। আমরা সবার জন্য একটি পানি নিরাপদ বিশ্বের কথা ভাবি।’ তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই অন্যান্য এসডিজি বিষয় বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, শিল্প, অবকাঠামো এবং নগরের সঙ্গে পানির সম্পৃক্ততার কথা ভুলে গেলে চলবে না।’
আইসিটি খাতে সহযোগিতায় সম্মত বাংলাদেশ ও এস্তোনিয়া
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে (আইসিটি) সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও এস্তোনিয়া। জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস্তোনিয়ার প্রেসিডেন্ট কার্স্টি কালজুলাইদের মধ্যে গতকালঅনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশ এই সম্মতি জ্ঞাপন করে।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। জাতিসংঘের অর্থায়নবিষয়ক বিশেষ দূত রানি ম্যাক্সিমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেলকক্ষে দেখা করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের মহাপরিচালক উইলিয়াম লাকি সুইং। তিনি প্রধানমন্ত্রীকে জানান, আগামী ৫ ও ৬ অক্টোবর বাংলাদেশ সফর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র গত রাতে প্রথম আলোকে জানায়, বাংলাদেশ সময় আজ ভোরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল।