খাওয়ার স্যালাইন (ওআরএস) আবিষ্কার করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান বাড়িয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। আইসিডিডিআরবিতে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, তাঁদের অনেকের প্রতিভাই বিশ্বমানের। এই স্বাস্থ্য গবেষণা কেন্দ্র নিয়ে গর্ব করা যায়।আইসিডিডিআরবির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা প্রতিষ্ঠানটি সম্পর্কে এসব কথা বলেন। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়। এই স্বাস্থ্য গবেষণা কেন্দ্রটি ১৯৬০ সালে মহাখালীতে পাক-সিয়াটো কলেরা গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, আইসিডিডিআরবিকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে সরকারের অনেক অবদান আছে। তিনি গবেষণা ও চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে আইসিডিডিআরবির অভিজ্ঞতা মেডিকেল কলেজ ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনিময় করার কথা বলেন।অনুষ্ঠানের সঞ্চালক ও আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্রেভিওটো বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে কেন্দ্রটি যে সম্পর্কের ভিত্তিতে কাজ করছে, তাকে উদাহরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য, চারজন সাবেক নির্বাহী পরিচালক, বিজ্ঞানী ও গবেষক ছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ ডাকটিকিট অবমুক্ত করেন। অর্থমন্ত্রী বলেন, আইসিডিডিআরবিকে নিয়ে তিনি গর্বিত।একাধিক আলোচক বলেন, স্বাস্থ্য গবেষণা কেন্দ্র হিসেবে সারা পৃথিবীতে আইসিডিডিআরবি সুনাম কুড়িয়েছে। ওআরএস আবিষ্কার ছাড়াও পুষ্টি গবেষণায় কেন্দ্রটি বড় ভূমিকা রাখছে। এর স্বাস্থ্যসেবার মানও অনেক উন্নত। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ১৯৭৮ সালে এক অধ্যাদেশের মাধ্যমে আইসিডিডিআরবি প্রতিষ্ঠিত হয়। ওই অধ্যাদেশ অনুযায়ী আন্তর্জাতিক ও দেশীয় বিজ্ঞানীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়া উচিত। প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ন রক্ষার জন্য বর্তমান প্রশাসনকে এসব বিষয়ে মনোযোগী হতে হবে।ট্রস্টি বোর্ডের সদস্য সোহরাব আলী বলেন, আইসিডিডিআরবির কর্মকর্তা-কর্মচারীদের ৯৯ শতাংশ বাংলাদেশি। তাঁদের মধ্যে যেন কোনো বঞ্চনাবোধ না থাকে, সে বিষয়ে কর্তৃপক্ষের আন্তরিক থাকা দরকার।আলোচনার শুরুতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নিকোলাস লরেঞ্জ চার দশক ধরে আইসিডিডিআরবিকে সহায়তা করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।