বাংলাদেশের সহিংসতায় হাউস অব লর্ডসে নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় ৭০ জনের বেশি নিহত হওয়ার খবরে ব্রিটিশ সরকার উদ্বিগ্ন। গত বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে এক প্রশ্নের উত্তরে এই উদ্বেগের কথা জানান পররাষ্ট্রবিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সি। এ সময় এই সহিংসতার জন্য নিন্দা জানানো হয়।ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক কমিটির প্রধান লর্ড অ্যাভবেরি বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে ব্রিটিশ সরকারের কাছে কী তথ্য রয়েছে জানতে চাইলে, এর জবাবে ওয়ার্সি জানান, বাংলাদেশের নানা স্থানে ২৪টি হিন্দু মন্দির, ১২২টি বাড়ি এবং কয়েক ডজন দোকান ধ্বংসের খবর তাঁরা পেয়েছেন।লর্ড অ্যাভবেরি আরও জানতে চান, অধিকাংশ লোকই যেহেতু নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে, তাই এটা জানা প্রয়োজন যে জাতিসংঘের মৌলিক নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ সরকার বাধ্য না হলে বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি ব্যবহার না করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে কি না। মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর ও সম্পদের ওপর হামলাকে ২০০১ সালের নির্বাচনোত্তর পরিস্থিতির পুনরাবৃত্তি বলে অভিহিত করেন লর্ড অ্যাভবেরি। তিনি জানতে চান, বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিয়েছে কি না, যেমনটি গত সেপ্টেম্বরে রামুতে উগ্রপন্থীদের হামলায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের দেওয়ার জন্য শেখ হাসিনা অঙ্গীকার করেছিলেন।জবাবে ব্যারোনেস ওয়ার্সি বলেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ৭ মার্চ কূটনৈতিক মিশনপ্রধানদের সভায় জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ করবে, তবে প্রাথমিকভাবে জননিয়ন্ত্রণের অন্যান্য কৌশল অনুসরণ করে।সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গত বুধবার ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ নামের একটি সংগঠনের আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভের পটভূমিতে হাউস অব লর্ডসে বিষয়টি আলোচিত হয়।অ্যাভবেরি ছাড়া আরও প্রশ্ন করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারোনেস উদ্দিন, লর্ড ধোলাকিয়া, লর্ড ট্রিম্বল ও ব্যারোনেস রয়্যাল অব ব্লেইসডন।লর্ড ধোলাকিয়া মন্ত্রীর বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আমি দেখা করেছি। তাঁরা জামায়াতে ইসলামীর মতো মৌলবাদী সংগঠন ও ইসলামী ছাত্রশিবিরকে চিহ্নিত করে তাদের ভূমিকার কথা বলেছেন। এরাই সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে হামলা চালিয়েছে। বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আনা হবে কি না এবং মন্ত্রী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন কি না, তা জানতে চান ধোলাকিয়া।জবাবে ব্যারোনেস ওয়ার্সি বলেন, সংখ্যালঘুদের কয়েকটি সংগঠনের ১৩ মার্চের প্রতিবাদের কথা তিনি জানেন এবং এসব সহিংসতার বিষয়ে অনুসন্ধান চলছে। তিনি বলেন, ‘আমরা সব পক্ষকেই সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানিয়েছি।’