বাংলাদেশের সাথে সাথে আছি
‘বাংলাদেশের ভাইবোনেরা, তোমরা কেমন আছ? আমরা তোমাদের সাথে আছি। আমরা তোমাদের নিয়ে চলব।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এ কথাটুকু দিয়েই শুরু করলেন তাঁর বক্তৃতা। এক ঘণ্টার বেশি সময়ের বক্তৃতার পরতে পরতে ছিল সহযোগিতার অঙ্গীকার। একসঙ্গে চলার প্রত্যয়।
দুই দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত জনবক্তৃতায় মোদির এ প্রত্যয় উঠে আসে। সফরের শেষ অনুষ্ঠানও ছিল এটিই। এর আয়োজন করা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
শুরুতে বাংলায় কথা বলে, ‘আমার বাংলা কেমন’ যাচাই করে নেন প্রধানমন্ত্রী মোদি।
‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ রবীন্দ্রনাথ ঠাকুরের সমবেত এই সংগীতে শুরু হয় আনুষ্ঠানিকতা। বাংলা গানটির সঙ্গে হিন্দি ভাষাতেও গানটি পরিবেশিত হয়। কবি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন শিমুল মোস্তফা। স্বাগত ভাষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। মোদিকে বিশ্ববিদ্যালয়ের স্মারক তুলে দেন উপাচার্য। এ সময় মঞ্চে ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সফরের শেষ দিনের অনুষ্ঠান, তবে মোদি বললেন, ‘এটা শেষ নয়। কেবল শুরু।’ তাঁকে আন্তরিক আতিথেয়তা দেখানোর জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন মোদি। বললেন, ‘যে সম্মান আমাকে দেখালেন, তা শুধু আমাকে নয়, সোয়া শ কোটি ভারতবাসীকে আপনারা সম্মানিত করেছেন।’
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে রাজনীতি থেকে দূরে থাকলেও বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন তাঁকেও পীড়িত করত, জানান মোদি। মোদির ভাষায়, ‘বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন দেখে আমাদেরও রক্ত গরম হয়ে যেত।’
মোদি বলেন, ‘আমার এই সফর নিয়ে শুধু এশিয়ায় নয়, সারা বিশ্বেই ময়নাতদন্ত হবে। কেউ হয়তো মাপকাঠি দিয়ে তা খতিয়ে দেখবে।’
মোদির বক্তৃতার একটা বড় অংশজুড়ে ছিল বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা। নিজের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমাকে সেখানে বলা হয় আপনার দেশের জনসংখ্যা সোয়া শ কোটি। আপনি কী করছেন। ১৭ কোটির বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয়। এ কথা শুনে এত আনন্দ পেয়েছিলাম এই ভেবে যে আমাদের প্রতিবেশীই তো এত উন্নয়ন করেছে।’
বাংলাদেশ প্রসঙ্গে মোদি বলেন, সূর্য আগে এখানে ওঠে, এরপর আমাদের কিরণ দেয়।’
বাংলাদেশের উন্নয়ন দেখে ভারতের অনেক রাজ্যকে শিখতে হবে—বলেন মোদি। শিশু মৃত্যুহার কমানো, পুষ্টি পরিস্থিতির উন্নতি, নারীশিক্ষা বিস্তারে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন মোদি। বলেন, ‘বাংলাদেশে ধারাবাহিকভাবে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। এটি ছোট সাফল্য নয়। বাংলাদেশের আর্থিক ব্যবস্থা শক্ত হয়েছে। বাংলাদেশ উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তা স্পষ্ট। বাংলাদেশের উন্নয়নের চাকা কখনো থমকে দাঁড়াবে না।’
মোদির বক্তৃতায় ভারত ও বাংলাদেশের অভিন্ন কিছু বৈশিষ্ট্যের কথা উঠে আসে। মোদি বলেন, ‘ভারতের জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের মধ্যে। বাংলাদেশেরও তাই। দুটি দেশের স্বপ্ন যৌবনে ভরপুর।’
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা ছিল মোদির ভাষণে। তিনি বলেন, ‘নারীকে রাষ্ট্রপ্রধান দেখতে এখনো অনেকে সম্মত নন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধান, সংসদের স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য—সবাই নারী। এ এক বিশাল অর্জন। এর জন্য গর্ব অনুভব হয়।’
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে শুধু নয় বাংলাদেশের আরও নানা ক্ষেত্রে কীর্তিমতি নারীদের নামও স্মরণ করেন নরেন্দ্র মোদি। সেই তালিকায় ছিল নারী ক্রিকেটার সালমা, এভারেস্টজয়ী নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরীনের নাম।
মোদি বলেন, ‘সম্প্রসারণবাদ একসময় বিশ্বের বাস্তবতা ছিল। কে কত অত্যাচার করে তার জায়গার সম্প্রসারণ করতে পারে, আগে সেই শক্তি দিয়ে মাপা হতো যোগ্যতা। তবে সেই চিন্তাধারা এখন পাল্টেছে। এখনকার বাস্তবতা হলো উন্নয়ন। সেই উন্নয়নের ধারাবাহিকতা রাখতেই ভারত ও বাংলাদেশের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের সমাধান হলো।’
দুই দেশের মধ্যে গত শনিবারই ছিটমহল বিনিময়ে স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময় হওয়ার প্রসঙ্গ তুলে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করে এর মাধ্যমে কেবল দু-চার কিলোমিটার জমির এদিক-সেদিক হয়েছে, তবে তা ভুল। এর ফলে দুই দেশের মন এক হয়েছে। বিশ্বের সব যুদ্ধই হয়েছে জমির জন্য। তবে যেখানে বুদ্ধ আছে, সেখানে যুদ্ধ হতে পারে না।’
নরেন্দ্র মোদির ভাষণে হল-ভর্তি দর্শক মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানায়।
মোদির ভাষণে উঠে আসে দুই দেশের অভিন্ন নদীর পানি বিনিময় এবং সীমান্ত প্রসঙ্গ। বলেন, ‘পানি রাজনীতির বিষয় নয়। এটি মানবতার অংশ।’ তিস্তা চুক্তির বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ভেঙে গেলে চলবে না।’
আর সীমান্তে প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, ‘কে কোন দিক থেকে গুলি ছুড়ছে, সেটি বড় কথা নয়। বড় কথা হলো, গুলি ছুড়লে মৃত্যু হয়, এতে মারা যায় গরিব মানুষ। সীমান্তে আমাদের উত্তেজনা তৈরি হয়। আমাদের সজাগ থাকতে হবে, কেউ যেন এ উত্তেজনা তৈরি না করতে পারে।’
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ও ভারতের অভিন্ন অবস্থানের কথা জানান মোদি। জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, তিনি সন্ত্রাসের বিষয়ে কোনো ধরনের শৈথিল্য (জিরো টলারেন্স) না দেখানোর প্রতিজ্ঞা করেছেন। এটা সত্যিই প্রশংসার যোগ্য।
মোদির ভাষায়, ‘সন্ত্রাসীরা মানবতার শত্রু, এদের কোনো আদর্শ নেই।’
বাংলাদেশে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ, ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা জানান মোদি তাঁর ভাষণে।
তবে এবারের সফর যে বেশ সংক্ষিপ্ত এবং তাঁর বেশ কিছু প্রত্যাশা যে অপূর্ণই রয়ে গেল, তা স্পষ্ট করে বললেন ভারতের প্রধানমন্ত্রী। বললেন, একটু কম হয়ে গেল। নোয়াখালী যাওয়ার ইচ্ছে ছিল, আড়ংয়ে যাওয়ার ইচ্ছে ছিল।
তবে আবার বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করে রূপসী বাংলার কবি জীবনানন্দকেই আওড়ে মোদি বললেন, ‘আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।’
ভাষণে মাটির গন্ধ আছে: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শুনেছেন। তিনি অনুষ্ঠানস্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেই ছিলেন। মোদির বক্তৃতা তাঁর কাছ খুবই আকর্ষণীয় মনে হয়েছে বলে জানান রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, ‘তাঁর ভাষণে মাটির গন্ধ আছে।’ রাশেদা কে চৌধূরী বলেন, ‘নরেন্দ্র মোদির ভাষণে বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের একটি প্রচেষ্টা চোখে পড়েছে। ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে একধরনের অনিশ্চয়তা আছে, সেটি তিনি জানেন বলেই আমার মনে হয়েছে। সেই অনিশ্চয়তা কাটাতে আন্তরিকভাবেই চেষ্টা করেছেন তিনি। আমি বলব তিনি তাতে সফল হয়েছেন।’