জঙ্গিবাদ দমন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। গণতন্ত্র এখনো শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত না হওয়ার বিষয়টিকে তিনি বাংলাদেশের ব্যর্থতার একটি দিক হিসেবে চিহ্নিত করেছেন।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতায় ড. আনিসুজ্জামান এসব কথা বলেন। ‘আমরা কি এক সংকটের মুখোমুখি’ শীর্ষক এই স্মারক বক্তৃতার আয়োজন করে চট্টগ্রাম প্রেসক্লাব।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘জঙ্গিবাদীদের সাংগঠনিক কাঠামো এবং অর্থের উৎস ভেঙে দেওয়া ও বন্ধ করা সরকারের প্রথম পদক্ষেপ হতে হবে।’ তিনি বলেন, ‘জঙ্গিবাদীদের অধিকাংশেরই আছে আন্তর্জাতিক যোগাযোগ, তাদের অর্থের উৎসও দেশের বাইরে। প্রয়োজনে দেশীয় জঙ্গিবাদ দমন করতে আমরা আন্তর্জাতিক সাহায্যও নিতে পারি। আমাদের মানতে হবে, বাংলাদেশের সামনে এটাই এখন বড় চ্যালেঞ্জ।’
লিখিত বক্তৃতায় ড. আনিসুজ্জামান মুক্তিযুদ্ধের পরবর্তী ৪৪ বছরে দেশের বিভিন্ন সংকটের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘জন্মলগ্নে বাংলাদেশকে বিশ্ববিখ্যাত মানুষদের কেউ কেউ অভিহিত করেছিলেন “বাস্কেট-কেস” বলে। এখন এক বাক্যে সবাই স্বীকার করেন যে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি খুবই শ্লাঘার বিষয়। দেশের মানুষের গড় আয় ও গড় আয়ু—দুই-ই বেড়েছে, শিক্ষা এবং আরও কিছু সামাজিক সূচকেও বাংলাদেশ অনেক এগিয়েছে।’
বঙ্গবন্ধু, চার নেতা হত্যাকাণ্ড, সামরিক শাসন, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাদ দেওয়া, পঞ্চম সংশোধনী বাতিল প্রভৃতি বিষয়ে স্মারক বক্তৃতায় আলোকপাত করেন আনিসুজ্জামান। তিনি বলেন, ‘পঞ্চম সংশোধনী অসাংবিধানিক ঘোষিত হওয়ার পরে আদি সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো ফিরে এসেছে, তবে রাষ্ট্রধর্মের বিধান রয়ে গেছে। ধর্মনিরপেক্ষতার নীতি আর রাষ্ট্রধর্মের বিধান কীভাবে সহাবস্থান করে?’
আনিসুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ব্যর্থতার একটা দিক হচ্ছে, আমাদের গণতন্ত্র নড়বড়ে, শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত নয়, তবে অনেক উন্নত দেশের মতো সংসদীয় রাজনীতিতে একটা দুদলীয় ব্যবস্থার বিকাশ দেখা যাচ্ছে।’
অনুষ্ঠানে আনিসুজ্জামানের জীবন ও কাজ নিয়ে কথা বলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ খালেদের ছেলে মোহাম্মদ জহির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।