বাংলাদেশের সাড়ে তিন লাখ শ্রমিক 'আধুনিক দাসত্বের' শিকার
বাংলাদেশের প্রায় সাড়ে তিন লাখ শ্রমিক দাসের মতো জীবন যাপন করছেন। অস্ট্রেলিয়াভিত্তিক অধিকার সংগঠন ওয়াক ফ্রি ফাউন্ডেশন (ওএফএফ) পরিচালিত গ্লোবাল সার্ভে ইনডেক্সের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওয়াক ফ্রি ফাউন্ডেশন তাদের জরিপ ফলাফলে ১৬২টি দেশের একটি র্যাঙ্কিং সূচক প্রকাশ করেছে। সূচক অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে ‘আধুনিক দাসের’ সংখ্যা প্রায় ৩ কোটি।
ওএফএফ র্যাঙ্কিং তালিকায় সংখ্যার দিক থেকে এক নম্বরে আছে ভারতের নাম। সেখানে ১৩ কোটি ৯৫ লাখ ছয় হাজার ১০ জন শ্রমিক দাসত্বের জীবন যাপন করছেন। চীন দ্বিতীয় (দুই কোটি ৯৪ লাখ নয় হাজার ২৪৫ জন) ও পাকিস্তান তৃতীয় (দুই কোটি ১২ লাখ সাত হাজার ১৩২ জন) অবস্থানে আছে। তালিকায় বাংলাদেশের অবস্থান দশম (তিন লাখ ৪৫ হাজার ১৯২ জন)।
মোট জনসংখ্যার অনুপাতে করা র্যাঙ্কিং তালিকার প্রথমে আছে মৌরিতানিয়া। সেখানকার মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশই দাসের জীবন যাপন করে। এ ছাড়া এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে হাইতি ও পাকিস্তান।
ওয়াক ফ্রি ফাউন্ডেশন ‘আধুনিক দাসত্ব’ শিরোনামে ঋণ দাসত্ব, জোরপূর্বক বিয়ে ও মানবপাচার নিয়ে এ জরিপ চালায়।
জরিপ প্রতিবেদনের লেখক আশা করছেন, এটি দেশগুলোর সরকারকে ‘গুপ্ত অপরাধ’ হিসেবে বিবেচিত দাসত্ব প্রথা বন্ধ করতে সাহায্য করবে।
অন্যদিকে, আন্তর্জাতিক শ্রম সংস্থা ধারণা করছে, বিশ্বের প্রায় ২১ কোটি মানুষ বাধ্যতামূলক শ্রমের শিকার।